সৌভিক মুখার্জী, কলকাতা: নির্বাচনের আগে রামকৃষ্ণ কয়াল (Ramkrishna Kayal) নামে কলকাতা পুলিশের এক কর্মকর্তা তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেসকে এক হাত নিয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন। সেখানে তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে মুসলিমদের কটাক্ষ করেছিলেন তিনি। তার পরপরই কলকাতা পুলিশের (Kolkata Police) তরফ থেকে তাঁকে সাসপেন্ড করে দেওয়া হয়। কারণ, তিনি তৃণমূলকে সরাসরি মুসলিমদের সঙ্গে তুলনা করেন, এমনকি জিহাদি বলে উল্লেখ করেন। তবে নতুন সরকার ক্ষমতায় আসতেই তাঁর সাসপেনশন তুলে নিল লালবাজার (Lalbazar)।
তুলে নেওয়া হল সেই বিতর্কিত পুলিশ অফিসারের সাসপেনশন
জানিয়ে রাখি, ওই পুলিশ কনস্টেবল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে ভিডিওটি প্রকাশ করেছিল। তিনি তাঁর ভিডিওতে ইসলাম ধর্মকে ‘জিহাদি’ বলে কটাক্ষ করেন। এমনকি বলেন যে, “তৃণমূল জিতে যাওয়া মানেই জিহাদিদের জিতে যাওয়া। ইসলাম ধর্ম অনুযায়ী একজন মুসলিম বিধর্মী কিংবা অন্য কোনও ধর্মের ব্যক্তিকে নির্যাতন করতে পারবে। এলাকা ছাড়া করে দিতে পারবে।” পাশাপাশি প্রকাশ্যে তিনি হুমকি দেওয়ার কথা বলেন ওই ভিডিও বার্তায়। বেশ কিছু তথ্য ঘেঁটে জানা যায়, ওই পুলিশ কনস্টেবলের নাম রামকৃষ্ণ কয়াল, যিনি কলকাতা পুলিশের ফার্স্ট ব্যাটালিয়নে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
তবে নতুন সরকার ক্ষমতায় ফিরতে তুলে নেওয়া হল তাঁর সাসপেনশন। গত শুক্রবার লালবাজারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে সাসপেনশন প্রত্যাহারের কথা জানানো হয়। এমনকি গতকাল তাঁর কাছে ইমেইলে পাঠানো হয়েছে বলে খবর। শুক্রবার কলকাতা পুলিশের সেন্ট্রাল রিজার্ভ অফিস থেকেই ওই ফার্স্ট ব্যাটালিয়ন ডেপুটি কমিশনারকে সাসপেনশন প্রত্যাহার কথা জানানো হয়েছে। যার ফলে তিনি আবারও নিজের ডিউটি পালন করতে পারবেন।
আরও পড়ুন: বৃদ্ধর জমি নিয়ে ফ্ল্যাট দেয়নি সোনা পাপ্পুরা, জনতার দরবারে সমাধানের আশ্বাস মুখ্যমন্ত্রীর
যদিও কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল একটি দাবি, যেখানে কলকাতা পুলিশের তরফ থেকে তাঁর সাসপেনশন তুলে নেওয়া হয়েছে বলে জানানো হয়। কিন্তু কলকাতা পুলিশ সেই দাবি স্ক্রিনশট নিয়ে ফেসবুকে পোস্ট করেছিল যে, সোশ্যাল মিডিয়ায় কলকাতা পুলিশের কর্মীদের বদলি বা পদোন্নতি সংক্রান্ত বিভ্রান্তিকর যে সমস্ত তালিকা বা পোস্ট প্রচার করা হচ্ছে, তার কোনও রকম সত্যতা নেই। এই দাবিগুলি সম্পূর্ণরূপে মিথ্যা। কলকাতা পুলিশ এই ধরনের অপপ্রচারের উপর নজর রাখছে আর আইনি ব্যবস্থাও গ্রহণ করছে। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়েই তাঁর সাসপেনশন প্রত্যাহার করেছে লালবাজার।










