গ্যাস ডেলিভারিতে এবার লাগবে অতিরিক্ত ৫০ টাকা? জেনে নিন নিয়ম

Published:

lpg 50

আনিষা চৌধুরী, কলকাতা: কম-বেশি প্রতিটি মধ্যবিত্ত পরিবারই এই সমস্যার সম্মুখীন হন। এলপিজি সিলিন্ডার (LPG Cylinder) বাড়িতে পৌঁছে দেওয়ার সময় অনেক গ্রাহকের কাছ থেকেই ধার্য দামের অতিরিক্ত টাকা চাওয়া হয়। যারা গ্যাস বাড়ি অব্দি পৌঁছে দিতে আসে অর্থাৎ ডেলিভারি বয় বা এজেন্সির কর্মীরা অনেক ক্ষেত্রে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত দাবি করেন বলে অভিযোগ। টাকা দিতে না চাইলে গ্রাহকের সঙ্গে তাঁদের ঝামেলাও বেঁধে যায়। কিন্তু এই বিষয়টি একেবারেই অনৈতিক। এই পশ্চিমবঙ্গে সিলিন্ডার ডেলিভারির জন্য ইচ্ছেমতো অতিরিক্ত টাকা নেওয়ার কোনও নিয়ম নেই। নির্দিষ্ট ক্ষেত্রে পরিবহণ বাবদ যদি কোনও চার্জ লাগে, সেটিও গ্রাহকের গ্যাসের বিলের মধ্যেই উল্লেখ থাকার কথা।

কত টাকা ডেলিভারি চার্জ নেওয়া যায়?

নিয়ম অনুযায়ী, গ্যাস এজেন্সির ওয়্যারহাউস থেকে গ্রাহকের বাড়ি যদি ৫ কিলোমিটারের মধ্যে হয়, সিলিন্ডার পৌঁছে দেওয়ার জন্য আলাদা করে কোনও ডেলিভারি চার্জ নেওয়ার কথা নয়। আবার ৫ থেকে ১৫ কিলোমিটারের দূরত্বে ডেলিভারি হলে, নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ২০ টাকা চার্জ প্রযোজ্য হতে পারে। তবে এই টাকা আলাদা করে ডেলিভারি বয়কে দেওয়ার কথা নয়। বিলের মধ্যেই সংশ্লিষ্ট চার্জের উল্লেখ থাকার কথা। ফলে বিলের বাইরে অতিরিক্ত টাকা দাবি করা হলে গ্রাহক বিষয়টি নিয়ে অবশ্যই প্রশ্ন তুলতে পারেন।

অতিরিক্ত টাকা চাইলে কোথায় অভিযোগ করবেন?

ডেলিভারির সময় নিয়মের বাইরে টাকা চাওয়া হলে প্রথমে সংশ্লিষ্ট গ্যাস এজেন্সিতে অভিযোগ জানানো যেতে পারে। সেখানে সমস্যার সমাধান না হলে সংশ্লিষ্ট তেল সংস্থার হেল্পলাইনে যোগাযোগ করা যায়। ইন্ডেন গ্রাহকরা ৭৭১৮৯৫৫৫৫৫ নম্বরে, ভারত গ্যাসের গ্রাহকরা ১৮০০২২৪৩৪৪ নম্বরে এবং এইচপি গ্যাস গ্রাহকরা ৯২২২২০১১২২ নম্বরে অভিযোগ জানাতে পারেন। এছাড়াও ১৮০০২৩৩৩৫৫৫ নম্বরে ফোন করেও অভিযোগ দায়ের করা যায়।

আরও পড়ুন: নন্দীগ্রামে ইনি হতে পারেন কালীঘাট তৃণমূলের প্রার্থী, বাড়িতে ডাকলেন খোদ মমতা

হেল্পলাইনের পাশাপাশি অভিযোগ জানানোর জন্য আরও একটি ব্যবস্থা রয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও বিষয়টি নিয়ে অভিযোগ জানানো সম্ভব। এক্স বা ফেসবুকে অভিযোগের কথা জানিয়ে ভারত সরকারের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অধীনস্থ MoPNG e-Seva-এর অফিসিয়াল অ্যাকাউন্ট @MoPNG_eSeva-কে ট্যাগ করতে পারেন। এবার থেকে ডেলিভারির সময় অতিরিক্ত টাকা চাওয়া হলে চুপ চাপ সেই টাকা দিয়ে দেওয়ার বদলে নিয়ম মেনে অভিযোগ জানান।