সহেলি মিত্র, কলকাতাঃ মহার্ঘ্য ভাতা (Dearness Allowance) নিয়ে জলঘোলার শেষ নেই বাংলায়। কবে জট কাটবে? কবে সকলের হকের বকেয়া টাকা পাবেন, এখন সেই প্রশ্নই বারবার উঠছে। এরই মাঝে সরকারের তরফে ডিএ দেওয়া নিয়ে নতুন বোমা ফাটালেন ডিএ মামলাকারী মলয় মুখোপাধ্যায় (Malay Mukhopadhyay)।
কেন দুর্গাপুজোর আগে ডিএ দিচ্ছে সরকার?
ডিএ দেওয়ার পেছনে সরকারের কারণ কী? তা নিয়ে বিশেষ মন্তব্য করতে শোনা গেল মলয় মুখোপাধ্যায়কে। তিনি এক ভিডিও বার্তায় জানান, ‘সরকার যে এখন ডিএ দিয়েছে সেটার পেছনে একটা কারণও রয়েছে। এখানে দুটি বিষয় আছে। একটি হল সর্বোচ্চ আদালতে মামলা রয়েছে। তাঁরা গিয়ে বলবে পুজোর আগে ডিএ-টা দিয়ে দেওয়া হয়েছে। এই ডিএ দেওয়ার বিষয়টি আদালতে গিয়ে বলবে। এছাড়া ইন্দু মালহোত্রার কমিটির কাছে ওই যে AICPI ডিএ-র ব্যাপারটা যাতে স্থান না পায়, সেই কারণেই মনে হচ্ছে সরকার ১.০৪.২০১২ থেকে ৩১.১২.২০১৫ অবধি ডিএ দেওয়ার অর্ডারটা বের করেছে।’
বকেয়া মেটানোর ঘোষণা সরকারের
উল্লেখ্য, রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘ ৭ বছরের বকেয়া DA এক কিস্তিতে মেটানোর বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কীভাবে এক কিস্তিতে সেই বকেয়া ডিএ-র টাকা মেটানো হবে? কোন পোর্টালে কীভাবে আবেদন? কী কী তথ্য লাগবে? কীভাবে হিসেব করা হবে? কর্মীদের বেতন কাঠামোর তথ্য কীভাবে যাচাই করা হবে? সেই নিয়েই স্পষ্ট নির্দেশিকা জারি করেছে অর্থ দফতর। বকেয়া ডিএ মেটাতে রাজ্য সরকারি কর্মীদের HRMS পোর্টালে ‘Pay Details Entry for Arrear DA’ নামে নতুন মেনু যোগ হয়েছে। বকেয়া ডিএ-র হিসাব ও তথ্য আপলোডের দায়িত্বে থাকবেন ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার বা DDO-রা। ২০০৮ সালের এপ্রিল থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত যাঁদের বেতন HRMS-এর মাধ্যমে হয়নি, তাঁদের তথ্যও DDO-দেরই আপলোড করতে হবে।
আরও পড়ুন: ৪০ টাকা কমল ডিজেলের দাম! পেট্রোল পাম্পে লাইন ক্রেতাদের
২০০৮ সালের ১ এপ্রিল থেকে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ এক কিস্তিতে মেটানোর কথা। গ্রুপ A, B ও C কর্মীদের বকেয়া টাকা তাঁদের GPF অ্যাকাউন্টে জমা হবে। অন্যদিকে, গ্রুপ D কর্মীদের পুরো বকেয়া ডিএ সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। অন্যদিকে দুর্গাপুজোর আগে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের স্বস্তি দিয়ে রাজ্য সরকার তাদের অক্টোবর মাসের বেতন, মজুরি, সম্মানী এবং পেনশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ১৫ই অক্টোবর ডিএ প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা ১৫ই অক্টোবর থেকে ৩৮% মহার্ঘ ভাতা/মহার্ঘ ত্রাণ (ডিএ/ডিআর) পাবেন।










