ফুটবল বিশ্বকাপে ম্যাঙ্গো বিপ্লব! মালদার হিমসাগর, ল্যাংড়া আম এবার আমেরিকায়

Published:

Malda Mangoes in World Cup

অনন্যা সরকার, মালদহ: এবার আমেরিকার ফুটবল বিশ্বকাপের দরবারে পাড়ি জমাচ্ছে বাংলার আম। ভারতের ‘আমের রাজধানী’ হিসেবে পরিচিত মালদা (Malda Mangoes)। বিশ্ববাজারে উপস্থিতি ও পরিচিতি আরও বাড়াতে আম রপ্তানির একটি কর্মসূচি শুরু করেছে জেলার প্রশাসন। সেই উদ্যোগের ফল হিসেবেই এবার বিশ্বকাপে ১০ মণ আম পাঠানো হচ্ছে। জেলা ম্যাজিস্ট্রেট রাজনবীর সিং কাপুর জানিয়েছেন, মালদা জেলায় ১০০টিরও বেশি প্রজাতির আমের উৎপাদন হলেও, এই আমগুলোকে গ্লোবাল মার্কেটে পেশ করার জন্য কোনো একক প্ল্যাটফর্ম বা ব্র্যান্ড ছিল না। তাই জেলা প্রশাসনের উদ্যোগে এবার চালু করা হয়েছে ‘আমার মালদা’ (Amar Malda), যা মালদার আম সম্পর্কিত সমস্ত কিছুকে এক ছাদের নিচে নিয়ে আসবে। 

ফুটবল বিশ্বকাপে যাচ্ছে মালদার আম

গতকাল (৯ জুন) মালদা কালেক্টরেট বিল্ডিং-এর কনফারেন্স রুমে আয়োজিত একটি বৈঠকে বাংলার আমের বিশ্ব পরিচিতি বাড়ানো এবং এর রপ্তানি ও বিপণন কৌশল নিয়ে আলোচনা হয়। এই বৈঠকটি উপস্থাপনা করেন মালদা জেলার ম্যাজিস্ট্রেট রাজনবীর সিং কাপুর। এই হাই-প্রোফাইল বৈঠকে উপস্থিত ছিলেন উদ্যানপালন দপ্তরের আধিকারিক, মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের (MMMA) প্রতিনিধি, এবং জেলার বিধায়কেরা। মালদার আমকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে জনপ্রিয় করে তোলার জন্য ই-কমার্স প্ল্যাটফর্মের  প্রয়োজনীয়তার বিষয়টি বৈঠকে গুরুত্ব সহকারে দেখা হয়।   

এই বৈঠকের শেষে একটি দারুন খবর শোনান ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা। তিনি জানান, আমেরিকায় আয়োজিত ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ উপলক্ষে প্রথম পর্যায়ে ১০ মণ আম পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মুম্বাইয়ের এক নামী এক্সপোর্ট কোম্পানি মালদার বিখ্যাত আমকে আমেরিকায় বাজারে পৌঁছে দেবে। আম চাষী ও ব্যবসায়ীদের সহযোগিতার পাশাপাশি আমের মার্কেটিং ও সংরক্ষণ ব্যবস্থার উন্নতির জন্য প্রশাসন সব রকম সাহায্য করবে বলে জানিয়েছে। 

আরও পড়ুনঃ মেসি কি আপনার ছোটবেলার বন্ধু? অরূপ বিশ্বাসকে তীব্র ভৎসনা কলকাতা হাইকোর্টের

‘আমার মালদা’ ও ‘ম্যাঙ্গো ট্যুরিজম’ জনপ্রিয়তা বাড়বে মালদার আমের

গতকালের বৈঠকে জেলা প্রশাসনের তরফে এও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, বিশ্ববাজারে মালদার আমের জনপ্রিয়তা বাড়াতে “আমার মালদা” নামে একটি বিশেষ ব্র্যান্ডিং ও মার্কেটিং ক্যাম্পেইন শুরু হবে। এর সাথে, জেলায় পর্যটন ও আমচাষকে একত্রিত করে একটি অভিনব ‘ম্যাঙ্গো ট্যুরিজম’-এর পরিকল্পনাও বাস্তবায়ন করার প্রস্তুতি চলছে। মালদার গৌড় ও পান্ডুয়ার মতো ঐতিহাসিক টুরিস্ট স্পটগুলির কাছাকাছিই রয়েছে বিশাল বড় ও বিস্তৃত আমের বাগান। পর্যটকরা যখন এইসব স্থানগুলিতে ঘুরতে আসবেন, তখন তারা আমবাগান ঘুরে দেখার সাথে সাথে ঠান্ডা আমের শরবতের অপূর্ব স্বাদও আস্বাদন করতে পারবেন। তারপর দুপুরের মধ্যাহ্নভোজও নানারকম আমের পদ পরিবেশন করা হবে। অনলাইনে অগ্রিম বুকিং করে পর্যটকরা বাগান থেকেই সরাসরি নিজের বাড়ি নিয়ে যেতে পারবেন বিখ্যাত মালদার আম।