প্রীতি পোদ্দার, কলকাতা: বিজেপি সরকার আসতেই দেড় মাসের মাথায় ক্রমেই ভেঙে চুরমার হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। এদিকে সামনেই আসছে ২১ জুলাই (21 July Rally), তাই এই আবহে ফের ধর্মতলায় শহিদ সমাবেশের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার উত্তর কলকাতা জেলা তৃণমূলের সভাপতি তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের উদ্যোগে আয়োজিত সভায় এমনই নির্দেশ দিলেন মমতা। স্পষ্ট জানিয়ে দিলেন, ‘৫ জন লোক হলেও ধর্মতলায় যাব।’
কী বলছেন মমতা?
জানা গিয়েছে, গতকাল, বৃহস্পতিবার, কুণাল ঘোষের আয়োজিত রামমোহন লাইব্রেরিতে মমতাপন্থী তৃণমূলের কর্মিসভা থেকে মমতা ফোনের মাধ্যমে কর্মীদের বার্তা দিয়েছিলেন যে, “শহিদ স্মরণ কর্মসূচি বছর বছর ধর্মতলাতেই করে এসেছে তৃণমূল। এবারও পুলিশের অনুমতি পেলে সেখানেই এই কর্মসূচি হবে। বছরে তৃণমূলের একটাই প্রোগ্রাম। আর সেই প্রোগ্রাম অনেক ঝড়-জল পেরিয়ে আমাদের করতে হবে। আমাদের যদি ৫ জন কর্মী থাকে তাহলেও মিটিংয়ে যাব।” এছাড়াও তিনি বলেন, “যাঁদের শুভবুদ্ধি আছে তাঁরা ফিরে আসুন। মনে রাখবেন যাঁরা গিয়েছেন তাঁরা না ঘরকা-না ঘাটকা। টাকার লোভে আমরা দল বিক্রি করে দিতে পারব না।”
ইডি-সিবিআইয়ের প্রসঙ্গ তুলে ক্ষোভ প্রকাশ
তৃণমূলের এই কঠিন পরিস্থিতির মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইডি-সিবিআইয়ের প্রসঙ্গ তুলে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ” আজকে ভাবুন তো আমাদের পরিবারের উপর দিয়ে কী যাচ্ছে! আমার দুই ভাইকে আগেই আমি তাড়িয়ে দিয়েছি। সব পরিবারে সবাই সমান হন না। দলের কর্মীদের উপর অত্যাচার করছে বিজেপি। কিন্তু অভিষেকের বাবা-মা আমার সঙ্গে থাকেন। আজকে অভিষেককে রেগুলার কোর্টে যেতে হচ্ছে। রোজ সিআইডি, ইডি ডাকছে। তাই আমাদের সঙ্ঘবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যেতে হবে। যাঁরা সিপিএম থেকে আসা একজন নেতাকে সামনে রেখে দলের সঙ্গে বেইমানি করলেন, তাদের ক্ষমা নয়।”
আরও পড়ুন: বাংলায় সোমবার বিধানসভায় পেশ হবে UCC বিল! সঙ্গে আসছে আরও ২ কড়া আইন
গত কয়েক বছরের ২১ জুলাইয়ের ছবি ছিল এক অন্য রূপে। তখন ধর্মতলার সমাবেশ মানেই ছিল তৃণমূলের মেগা ইভেন্ট এককথায় তৃণমূলের ‘হিট পলিটিক্যাল ডে’। রণকৌশল ঘোষণা, জাঁকজমক, সেলেব্রিটিদের ভিড়, গানবাজনা, শয়ে শয়ে বাসে লাখো কর্মীর জমায়েত, কার্যত পিকনিকের মেজাজে খাওয়া দাওয়া চলত। কিন্তু এবার সবটাই যেন দমকা হওয়ায় ভেঙে গিয়েছে। অনেকেই মমতার সঙ্গ ছেড়েছে। তবুও সরকারের গদি হারানোর পর প্রথম বার ২১ জুলাইয়ের সমাবেশের প্রস্তুতির ডাক দিলেন মমতা। একজন দেখার ২১ জুলাইয়ের মঞ্চ নতুন ভাবে কতটা চমক দেয় সকলকে।










