বাংলায় সোমবার বিধানসভায় পেশ হবে UCC বিল! সঙ্গে আসছে আরও ২ কড়া আইন

Published:

Uniform Civil Code

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই একের পর এক চমক আনছে বিজেপি সরকার (Government Of West Bengal)। আর এবার এক সংবিধানের কথা মাথায় রেখেই বাংলায় প্রথমবার বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল বা UCC (Uniform Civil Code) পেশ হতে চলেছে। নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে ইউসিসি বলবৎ হবে, এবার সেটাই বাস্তবায়িত হতে চলেছে। শুধু তাই নয়, এছাড়াও আরও দুটি বিল পেশ হতে চলেছে।

অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ হবে বিধানসভায়

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল, বৃহস্পতিবার দুপুরে কার্যবিবরণী কমিটির একটি বৈঠকে প্রশাসনিক ও আইন সংক্রান্ত বিভিন্ন বিল নিয়ে আলোচনা হয়েছিল কিন্তু সেখানে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে কোনও আলোচনা হয়নি। কিন্তু বিকেলে মুখ্যমন্ত্রী বিধানসভায় উপস্থিত হতেই অভিন্ন দেওয়ানি বিধি বিলটি চলতি অধিবেশনেই আনার বিষয়ে আলোচনা শুরু হয়। পরে সন্ধ্যায় স্পিকার রথীন্দ্র বসুর ডাকা কার্যবিবরণী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে আগামী সোমবার অভিন্ন দেওয়ানি বিধি বা UCC এই বিলটি বিধানসভায় পেশ করা হবে। এই আলোচনায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধী শিবিরের একাধিক সদস্য।

সংকল্প পূরণে বিশেষ উদ্যোগ বিজেপির

সূত্রের খবর, অভিন্ন দেওয়ানি বিধি হল, বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ ও লিভ-ইন সম্পর্কের ক্ষেত্রে ধর্ম, জাতি বা লিঙ্গ নির্বিশেষে ভারতের সব নাগরিকের জন্য একক ও অভিন্ন আইন। নির্বাচনের প্রাক্কালে বাংলায় সরকার গঠনের তিন মাসের মধ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। এমনকি বিজেপির সংকল্প পত্রেও বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি চালুর প্রতিশ্রুতি ছিল। তাই এবার রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরই UCC চালুর উদ্যোগ নিল সরকার। ইতিমধ্যেই গুজরাট, উত্তরাখণ্ড ও অসমের মতো রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়েছে। এবার পালা বাংলার।

আরও পড়ুন: এক দশকের অপেক্ষার অবসান, DA বৃদ্ধির পর শিক্ষকদের জন্য আরেকটি ঘোষণা

প্রসঙ্গত, রাজ্যে ক্ষমতায় আসার পরই দুর্নীতি-তোলাবাজি রুখতে একের পর এক কড়া পদক্ষেপ নিয়ে চলেছে শুভেন্দু সরকার। তাই জিরো টলারেন্সের কথা মাথায় রেখে আগামী সোমবার অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশের পাশাপাশি বিধানসভাতে আরও নতুন দুটি বিল আনতে চলেছে তারা। জানা গিয়েছে, সমাজবিরোধী কার্যকলাপ রুখতে আনা হচ্ছে ‘পশ্চিমবঙ্গ জন নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল ২০২৬’ এবং ‘দ্য ওয়েস্ট বেঙ্গল মেনটেনেন্স অফ পাবলিক অর্ডার অ্যামেন্ডমেন্ট বিল’। এই বিল আইনে পরিণত হলে, অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তার ক্ষতিপূরণের ব্যবস্থা করতে পারবে প্রশাসন।