বাস্তবায়নের পথে শুভেন্দুর প্রতিশ্রুতি! সবুজ সংকেত মিলল নন্দীগ্রাম-হলদিয়া ব্রিজ তৈরিতে

Published:

Nandigram Haldia Bridge

প্রীতি পোদ্দার, কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে পূর্ব মেদিনীপুর জেলায় নন্দীগ্রাম ও হলদিয়ায় জুড়তে চলেছে ব্রিজ (Nandigram Haldia Bridge)। তুমুল উচ্ছ্বসিত স্থানীয়রা। ছাব্বিশের ভোটে নন্দীগ্রাম থেকে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), প্রতিশ্রুতি দিয়েছিলেন ব্রিজ গড়ে দেওয়ার। আর এবার কথা দিয়ে কথা রাখার পালা, তাই ক্ষমতায় আসতেই বহু প্রতীক্ষীত নন্দীগ্রাম-হলদিয়া সংযোগকারী সেতু তৈরি করতে এগিয়ে এল সরকার

শুভেন্দুর প্রতিশ্রুতি পূরণ!

নন্দীগ্রাম, হলদিয়া ও মহিষাদলের মানুষকে যাতায়াতের জন্য নির্ভর করতে হয় ফেরি পরিষেবার উপর। ফেরি পরিষেবা ভরসাযোগ্য হলেও, গন্তব্যে পৌঁছতে সময় লাগে। এছাড়াও অনেক সময়ে আবহাওয়ার জন্যও নানা সমস্যা হয়ে থাকে। সেক্ষেত্রে নদীর উপর দিয়ে শিল্প শহর হলদিয়া ও নন্দীগ্রামকে জুড়ে দিতে সেতু প্রয়োজন। তাই নন্দীগ্রাম ও হলদিয়ার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল সেতু গড়ে দেওয়ার, অবশেষে সেই দাবি পূরণ করতে চলেছে শুভেন্দু সরকার।

নন্দীগ্রাম-হলদিয়া ব্রিজ নির্মাণে তৎপর প্রশাসন

২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী হলদি নদীর উপর নন্দীগ্রাম-হলদিয়া ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, “আমরা সরকার গঠন করলে নন্দীগ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে উঠে পড়ে লাগব।” আর এবার সেই প্রতিশ্রুতি পূরণ হল। গত শনিবার, হলদি নদীর ধারে ব্রিজ নির্মাণের জন্য জায়গা পরিদর্শন করে এসেছিলেন হলদিয়ার মহকুমাশাসক ও অন্যান্য আধিকারিকরা। উপস্থিত ছিলেন হলদিয়ার মহকুমাশাসক, জেলার ইঞ্জিনিয়াররা, বিডিও, ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা, পঞ্চায়েত সমিতির সভাপতি-সহ কর্মাধক্ষ্যরা। ব্রিজের প্রাথমিক সমীক্ষা হওয়ার খুশি বাসিন্দারা।

আরও পড়ুন: ন্যাড়া করিয়ে অন্তর্বাস পরিয়ে রাস্তায় হাঁটানো হল হাওড়ার কুখ্যাত ডনকে, ভাইরাল ভিডিও

শুধু বিজেপি নয়, নির্বাচনে জিতলে ব্রিজ গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূলও। নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করের হয়ে প্রচার করতে গিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য করেছিলেন যে, ‘‘কথা দিয়ে যাচ্ছি, আপনারা পবিত্রকে জেতালে সাত থেকে দশদিনের মধ্যে এখানে হলদি নদীর উপর সেতু তৈরির শিলান্যাস করে দেব।” কিন্তু, তৃণমূল প্রার্থী এবার গোহারা হেরে গিয়েছে। এখন ভরসা শুভেন্দু। সব মিলিয়ে হলদি নদীর উপর ব্রিজ নির্মাণে তোড়জোড় শুরু হয়ে গেল।