১০০০ কোটি ব্যয়ে জলপাইগুড়িতে নতুন ছয় লেনের ফ্লাইওভার, ভোল বদলে যাবে উত্তরবঙ্গের!

Published:

Six-Lane Flyover at Jalpaiguri

অনন্যা সরকার, জলপাইগুড়ি: এবার উত্তরবঙ্গে ছয়-লেনের ফ্লাইওভার (Six-Lane Flyover) তৈরির পরিকল্পনা করেছে ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া (NHAI)। এই ফ্লাইওভারটি নির্মাণ করা হবে জলপাইগুড়ি শহরের উপকণ্ঠে অবস্থিত পাহাড়পুরের কাছে আসাম মোড় থেকে বালাপাড়া পর্যন্ত এনএইচ-২৭ (NH27) ধরে। প্রকল্পটি তৈরি করতে প্রায় ১,০০০ কোটি টাকা খরচ হবে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ফ্লাইওভারটি যানজট তো কমাবেই, তার সাথে বেশ কয়েকটি চিহ্নিত ‘ব্ল্যাক স্পট’ বা দুর্ঘটনা প্রবণ এলাকায় দুর্ঘটনা এড়াতে বিশেষভাবে কার্যকরী হবে। 

কবে নির্মাণকাজ শুরু হবে এই নতুন সিক্স-লেন ফ্লাইওভারের?

গত সপ্তাহের শনিবার জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায় ও বিধায়ক অনন্তদেব অধিকারী এনএইচএআই-এর ইঞ্জিনিয়ারদের সাথে ফ্লাইওভার তৈরির জন্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এনএইচএআই-এর ডেপুটি ইঞ্জিনিয়ার রূপেশ কুমার জানিয়েছেন, ওই প্রকল্পের বিস্তারিত প্রোজেক্ট রিপোর্ট তৈরির কাজ একদম শেষ পর্যায়ে রয়েছে। রিপোর্ট তৈরি শেষ হলেই নির্মাণকাজ শুরু করা যাবে। এছাড়াও তিনি বলেন, এই সিক্স-লেন ফ্লাইওভারটির জন্য নতুন করে জমি অধিগ্রহণ করার দরকার হবে না। পরিকল্পনা অনুযায়ী, ফ্লাইওভারটি প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ হবে এবং এর নির্মাণ কাজ দুটি ধাপে সম্পন্ন করা হবে।

রিপোর্ট অনুযায়ী, এই ফ্লাইওভারটি তৈরি করা হচ্ছে মূলত কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ, জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ মোড়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস, জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং হাইওয়ের অন্যান্য দুর্ঘটনাপ্রবণ এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করতে। দীর্ঘদিন ধরেই এই সমস্ত অঞ্চলগুলিতে দুর্ঘটনার কবলে পড়ছেন পথযাত্রীরা। বিভিন্ন সংগঠন এবং জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের পক্ষ থেকেও  সংসদ জয়ন্ত রায়ের কাছে এই সিক্সলেন ফ্লাইওভার নির্মাণের জন্য অনুরোধ জানানো হয়েছিল।

আরও পড়ুনঃ স্কুলে ঢুকতে দেরি, জাতীয় সংগীত কানে আসতেই রাস্তায় হাতজোড় করে প্রার্থনা, ভাইরাল ভিডিও

প্রশাসনের তরফে জানানো হয়েছে যে, নতুন ফ্লাইওভারে বাস ও অন্যান্য যানবাহনের জন্য থাকবে সার্ভিস রোড। এছাড়া, স্থানীয় বাসিন্দারা  উড়ালপুলের নীচ দিয়ে যাতায়াতের করতে পারবেন। আর পুরো করিডোর জুড়ে উন্নত নিকাশি ব্যবস্থা থাকবে বলা শোনা যাচ্ছে।