যুদ্ধজাহাজ নির্মাণ সহ প্রতিরক্ষা খাতে ৩৪০০ কোটির বিনিয়োগ বাংলায়

Published:

Rajnath Singh At Kolkata

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে ক্ষমতার রদবদল হতেই এবার বঙ্গে শিল্প ব্যবস্থায় উপর গুরুত্ব দিয়েছে বিজেপি সরকার। এমতাবস্থায় গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে (Garden Reach Shipbuilders & Engineers) যুদ্ধজাহাজ নির্মাণের লক্ষ্যে পাঁচ নতুন প্রকল্পের ভূমিপুজো অনুষ্ঠানে উপস্থিত হলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh At Kolkata)। এবং বক্তৃতার মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) উদ্দেশে করলেন একাধিক প্রশংসা। জানা গিয়েছে যুদ্ধজাহাজ নির্মাণসহ প্রতিরক্ষা ক্ষেত্রে ৩৪০০ কোটি টাকার বিনিয়োগকে পশ্চিমবঙ্গের শিল্পায়নের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবেই তুলে ধরা হয়েছে।

শুভেন্দুর প্রশংসা করলেন রাজনাথ সিং

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আজ অর্থাৎ রবিবার, গার্ডেনরিচে শিপ বিল্ডার্সের ৫টি ইউনিটের শিলান্যাস উপলক্ষে কলকাতায় আসেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এদিন প্রতিরক্ষা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের সূচনা করার পাশাপাশি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দুর ব্যাপক প্রশংসা করেন রাজনাথ সিং (Rajnath Singh)। তিনি জানান, “শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে। সব ক্ষেত্রেই বাংলা নতুন করে জেগে উঠছে। বাংলার হাওয়ায় এখন নতুন গন্ধ। ক্রমেই উন্নয়নের লক্ষ্যে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ। যদি উদ্দেশ্য সৎ হয় তাহলে উন্নয়ন কেউ আটকাতে পারবে না।”

৩,৪০০ কোটির বিনিয়োগ

একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের সূচনা প্রসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, “গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স-র মাধ্যমে আজ আমরা প্রায় সাড়ে ৩,৪০০ কোটি টাকা ব্যয়ে পাঁচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্পের ভূমিপুজো ও শিলান্যাস করেছি। এর মধ্যে GRSE-র রায়চক, কোলাঘাট এবং তমলুকের তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে। পাশাপাশি যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের আরও ২টি গুরুত্বপূর্ণ প্রকল্পের শিলান্যাস হয়েছে। এগুলি হল ৩,০০০ টন ক্ষমতাসম্পন্ন Hydraulic Open Die Forging Press এবং Radial Forging Plant। আর এই ৫ প্রকল্পই আমাদের ‘Make in India’ এবং ‘Atmanirbhar Bharat’-এর ভাবনাকে আরও শক্তিশালী করবে।”

YIL-কে নিয়ে কী বললেন রাজনাথ সিং?

এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে যন্ত্র ইন্ডিয়া লিমিটেড (YIL)-র ভূমিকারও প্রশংসা করেন রাজনাথ এবং সংস্থাকে পরশপাথরের সঙ্গে তুলনা করে তিনি বলেন, “প্রতিরক্ষা উৎপাদন ও ম্যানুফ্যাকচারিং সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে YIL। পরশপাথর এমন জিনিস, যে ধাতুকে তা ছুঁয়ে দেয়, সেই ধাতু সোনা হয়ে যায়। আপনারা শুনেছেন হয়তো। YIL আমাদের কাছে পরশপাথর। আপনাদের সংস্পর্শে যে ধাতু চলে আসে, তা সোনার চেয়ে কম হয় না।” বাংলায় শিল্প সম্ভাবনা নিয়ে প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য, জমি, দক্ষ মানবসম্পদ, পরিকাঠামো ও কাঁচামাল সবই বাংলায় রয়েছে। এবার এখানেও শিল্পায়নে গতি বাড়বে।

আরও পড়ুন: “সিস্টেমে ভুল আছে! অন্নপূর্ণার টাকা সবাই পাবেন…” বড় বয়ান শমীক ভট্টাচার্যের

দেশীয় অস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, “আমরা সাম্প্রতিক আন্তর্জাতিক সংঘাত ও অপরাশেন সিঁদুর সামরিক পরিস্থিতিতেও দেখেছি। গালওয়ান হোক কিংবা অন্যান্য সীমান্ত পরিস্থিতি, বিশ্ব ভারতের দেশীয় অস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা দেখেছে। আগামীতেও আমাদের প্রতিরক্ষা বাহিনীকে আরও শক্তিশালী করা হবে। আমাদের সশস্ত্র বাহিনীকে সজ্জিত করার ক্ষেত্রে আমরা কোনও খামতি রাখব না।”