“সিস্টেমে ভুল আছে! অন্নপূর্ণার টাকা সবাই পাবেন…” বড় বয়ান শমীক ভট্টাচার্যের

Published:

Samik Bhattacharya on Annapurna Yojana

বিক্রম ব্যানার্জী, কলকাতা: “যোগ্য হয়েও অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা পাচ্ছি না।” এমন দাবিতেই দিকে দিকে বিক্ষোভ দেখাচ্ছেন রাজ্যের মহিলারা। এমনকি রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালও ইতিমধ্যেই বিক্ষোভের মুখে পড়েছেন! এমতাবস্থায়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বস্ত করেছেন রাজ্যের সকল যোগ্য মহিলারা অন্নপূর্ণার টাকা পাবেন। এই প্রকল্প থেকে যোগ্যদের বঞ্চিত করা হবে না। আর সেই বক্তব্যের পর এবার মহিলাদের বিক্ষোভ প্রসঙ্গে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় কথা বললেন (Annapurna Yojana Big Announcement)  রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)।

অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় মন্তব্য শমীকের

অন্নপূর্ণা যোজনার অর্থ দেওয়ার ক্ষেত্রে গোটা পদ্ধতিতে কিছু বিচ্যুতি রয়েছে, সেটা স্বীকার করে নিলেন রাজ্য বিজেপির সভাপতি। একই সাথে তিনি সকলকে আশ্বস্ত করে বললেন, অন্নপূর্ণার অর্থ পাবেন সবাই। হাওড়ার এক অনুষ্ঠানে হাজির হয়ে শমীক ভট্টাচার্যের বললেন, “সিস্টেমের সমস্যা রয়েছে। কিছু বিচ্যুতি হচ্ছে। কোথাও কোথাও সাবোটাজ করার চেষ্টা চলছে। এ কারণেই এমনটা হচ্ছে। দেখুন তৃণমূল আমলে পুরুষদের লক্ষীর ভান্ডার দেওয়ার মতো ভুল কাজ এখানে হবে না। আমি বলছি, সবাই অন্নপূর্ণার টাকা পাবেন, সবাই.. এখন আরও 50 লাখ মহিলাকে আমরা অন্নপূর্ণা যোজনার টাকা দেব।”

এদিন নিজের বক্তব্যের মধ্যে দিয়ে একেবারে খোলাখুলি শমীক বাবু জানিয়ে দিলেন, অন্নপূর্ণার অর্থ দেওয়ার ক্ষেত্রে যে ভুল হয়েছে সেটা অবশ্যই স্বীকার করতে হবে! তবে গোটা প্রক্রিয়াটি সংশোধন করে যোগ্যদের পাওনা টাকা দিয়ে দেওয়া হবে। তাঁর মতে, দুই থেকে তিন শতাংশ মহিলা বাকি রয়েছেন। তাঁরা প্রত্যেকেই অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন।

আরও পড়ুন: ওয়াকফ সম্পত্তি দখল করে বসেছিল তৃণমূল, ময়দানে নামল কলকাতা পুরসভার বুলডোজার

উল্লেখ্য, সদ্য ভবানীপুরের অনুষ্ঠান মঞ্চ থেকে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই প্রকল্পের টাকা না পেয়ে বিক্ষোভ দেখানো মহিলাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী খুব পরিষ্কারভাবে জানান, যোগ্য হলে অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হবেন না কেউ। প্রয়োজন হলে আরও 20 থেকে 30 লাখ মহিলাকে অন্নপূর্ণার টাকা দেওয়ার ব্যবস্থা করবেন তিনি।