ওয়াকফ সম্পত্তি দখল করে বসেছিল তৃণমূল, ময়দানে নামল কলকাতা পুরসভার বুলডোজার

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ওয়াকাফ সম্পত্তি দখল করে পার্টি অফিস তৈরির অভিযোগ তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিরুদ্ধে। ঘটনাটি দক্ষিণ কলকাতার টালিগঞ্জের (Tollygunge) সাহেববাগানের। জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছিল, সাহেববাগানের একটি বিল্ডিংয়ের একেবারে উপরের অংশ ওয়াকফ বোর্ডের সম্পত্তি, সেখানেই নাকি বেআইনিভাবে পার্টি অফিস তৈরি করে বসেছিল তৃণমূল (Illegal TMC Party Office)। রবিবার, সেই অবৈধ নির্মাণ ভাঙতেই ঘটনাস্থলে পৌঁছয় বুলডোজার। উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের আধিকারিক থেকে শুরু করে কলকাতা পুরসভার অফিসাররাও। আর সেই ঘটনা ঘিরেই তৈরি হয় উত্তেজনা।

অবৈধ নির্মাণ ভাঙতে বাধা স্থানীয়দের

সূত্র মারফত যা খবর, কলকাতা পৌরসভার তরফে অভিযোগ পেয়ে রবিবার টালিগঞ্জের সাহেববাগানের ওই অবৈধ নির্মাণ ভাঙতে বুলডোজার ডাকে কলকাতা পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, ভবনটির একেবারে উপরের অংশ ওয়াকফ বোর্ডের সম্পত্তি। আর সেটাই দখল করে বসেছিল তৃণমূল। সে কারণেই ওই অবৈধ নির্মাণ ভাঙা হবে। এদিকে স্থানীয় বাসিন্দারা ওই অবৈধ নির্মাণ ভাঙার বিরোধিতা করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। আর তাতেই তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়।

স্থানীয়দের কয়েকজনের দাবি, যে ভবনটি ভাঙার জন্য বুলডোজার ডাকা হয়েছে সেখানে তাঁরা কয়েকজন থাকতেন। বিগত দিনগুলিতে এখানেই বসবাস করছিলেন তাঁরা। এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, ওই ভবনের উপরতলা আগে তৃণমূলের পার্টি অফিস থাকলেও নির্বাচনের ফলাফল প্রকাশিত হতেই রাজ্যের পরিবর্তিত পরিস্থিতিতে সেখানে বসবাস করতে শুরু করেছিলেন স্থানীয় কয়েকজন। কিন্তু এখন সেই ভবনটি ভেঙে ফেলা হলে তাঁরা কোথায় যাবেন?

আরও পড়ুন: ১০৫ বছর বয়সে জেলমুক্তি! সুপ্রিম কোর্টের নির্দেশে মকুব মালদার রসিকচন্দ্রের সাজা

জানা যাচ্ছে, এদিন পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছন বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরাও। নিয়ম মেনে শুরু হয় ওই অবৈধ নির্মাণে বিদ্যুৎ বিচ্ছিন্ন করার কাজ। একই সাথে, স্থানীয়দের আটকাতে ময়দানে নামে বিরাট বাহিনী। পরবর্তীতে তাঁদের বুঝিয়ে এক পাশে সরিয়ে দেওয়া গিয়েছে। এখনও পর্যন্ত যা খবর, সমস্ত নিয়ম মেনে ওই অবৈধ নির্মাণ ভাঙতে চলেছে পৌরসভা। এ প্রসঙ্গে অবশ্য তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।