অনন্যা সরকার, পশ্চিম মেদিনীপুর: শিক্ষা থেকে শিল্প পর্যন্ত সমস্ত ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে কাজ করবে বর্তমান সরকার – বুধবার পশ্চিম মেদিনীপুরের সভা থেকে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর জন্মস্থান, পশ্চিম মেদিনীপুরের বীরসিংহ গ্রামে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে একটি বিশেষ শ্রদ্ধানুষ্ঠানে অংশগ্রহণ করে রাজ্যের সার্বিক উন্নয়ন ও শিল্পায়নে ইতিবাচক অগ্রগতির বার্তা দিয়েছেন তিনি। এই মঞ্চ থেকেই তিনি ঘোষণা করেছেন যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ খুব শীঘ্রই রাজ্যে শিল্প খাতে বড় বিনিয়োগ (Reliance Investment) করতে চলেছে।
রাজ্যে বিনিয়োগ করবে রিলায়েন্স
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মৃতিকে সম্মান জানিয়ে শুভেন্দু অধিকারী বীরসিংহের স্মরণসভার মঞ্চ থেকে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প ও নতুন বিনিয়োগের কথা ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী জানান, রিলায়েন্সের একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদল আজ মুম্বাই থেকে কলকাতা এসেছে। সংস্থাটি আগামী দিনে রাজ্যে বিপুল পরিমাণে বিনিয়োগ করতে চলেছে। রাজ্যে শিল্পায়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী এর আগেও জানিয়েছিলেন যে, মুকেশ আম্বানির রিলায়েন্স গ্রুপ রাজ্যের ৫ থেকে ৬টি সেক্টরে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। তিনি সম্প্রতি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং ডিরেক্টর অনন্ত আম্বানির সঙ্গে তাঁদের মুম্বাইয়ের বাসভবন ‘অ্যান্টিলিয়া’-তে সাক্ষাৎও করেছিলেন। জানা গিয়েছিল, ওই বৈঠকে পশ্চিমবঙ্গে রিলায়েন্সের বিনিয়োগ এবং ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
আরও পড়ুন: ১ নভেম্বর থেকে ফের চালু ওয়ার্ক ফ্রম হোম, নির্দেশিকা জারি সরকারের
গত মে মাসে বিধানসভা নির্বাচনে জয়লাভ করে নতুন সরকার গঠনের পর থেকেই মুখ্যমন্ত্রী এবং শিল্পমন্ত্রী তাপস রায় – দুজনকেই পশ্চিমবঙ্গে বড় মাপের শিল্প বিনিয়োগ আকর্ষণের জন্য সক্রিয়ভাবে কাজ করতে দেখা গেছে। উল্লেখ্য, চলতি মাসের শুরুতে কলকাতায় আয়োজিত ‘রাইজিং ভারত সামিট’ (Rising Bharat Summit)-এ অংশ নেওয়ার সময় মুখ্যমন্ত্রী রাজ্যের শিল্পক্ষেত্র সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বার্তাও দিয়েছিলেন। তিনি সে সময় জানিয়েছিলেন যে, তাঁর অনন্ত আম্বানির সঙ্গে কথা হয়েছে, তিনি ও মুকেশ আম্বানি বাংলায় তাদের ব্যবসা সম্প্রসারণ করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। তাঁরা রাজ্যে উল্লেখযোগ্য বিনিয়োগ করবেন এবং সেমিকন্ডাক্টর হাব ও ডেটা সেন্টার প্রকল্প নিয়ে শীঘ্রই পশ্চিমবঙ্গে কাজ হবে।










