বারবার হবে না খারাপ, পিচ হটিয়ে কংক্রিট ব্লক বসছে সল্টলেক সহ বিধাননগরের রাস্তায়

Published:

Road Repair in Bidhannagar

অনন্যা সরকার, বিধাননগর: বর্ষাকালে রাস্তা তৈরি ও সারাইয়ের (Road Repair) কাজে অসুবিধা হয়। এদিকে একাধিক অঞ্চলে বৃষ্টিতে জল জমা ও খানাখন্দের সমস্যাও এই সময়েই প্রকট হয়। তাই এবার রাস্তার কাজে সুবিধা ও স্থায়িত্ব বাড়াতে পুরসভা কংক্রিট ব্লকের (Concrete Block) ব্যবহারের ওপর জোর দিচ্ছে। সল্টলেক সহ বিধাননগর পুরসভার ২২টি মেন রোডে পিচের সরিয়ে কংক্রিট ব্লক বসানোর কাজ শুরু হয়েছে। যেসব রাস্তায় বারবার রাস্তা খারাপ হয়ে যায় ও জল জমার সমস্যা রয়েছে, সেগুলোকে চিহ্নিত করে কাজ শুরু হয়েছে। এই ২২টি রাস্তার কাজ শেষ হলে আরও কিছু রাস্তা একইভাবে সংস্কার করা হবে বলে জানানো হয়েছে। দুর্গাপূজোর আর বেশি দিন বাকি নেই, তাই পূজোর আগেই রাস্তা সংস্কার শেষ করার জন্য জোরকদমে কাজ চলেছে।

বিধাননগরের প্রধান রাস্তাগুলোতে বসছে কংক্রিট ব্লক

সম্প্রতি বিধাননগর পুরসভার ৪১টি ওয়ার্ডের মোট ১৯৩টি রাস্তা সংস্কারের জন্য প্রায় ৬৩ কোটি টাকার একটি উদ্যোগ নিয়েছে রাজ্য। এই প্রকল্পের মধ্যেই কংক্রিট ব্লকের রাস্তা তৈরির কাজও অন্তর্ভুক্ত রয়েছে। অর্থ বরাদ্দ হওয়ার পর টেন্ডার আহ্বানের প্রক্রিয়াও দ্রুত শেষ হয়েছে এবং বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে।

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনায় ১৭ লক্ষ নাম বাতিল, পুনরায় করা যাবে আবেদন, বড় ঘোষণা নবান্নের

বিধাননগর পুরসভার তরফে জানানো হয়েছে, সল্টলেকের জরাজীর্ণ রাস্তাগুলোকে নিয়ে বাসিন্দারা দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়ে আসছিলেন। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাস্তা সংস্কারের কাজ শুরু হলেও, আগে করা ছোটখাটো মেরামতিগুলি দীর্ঘস্থায়ী হয়নি, প্যাচওয়ার্ক উঠে গিয়ে রাস্তায় আবার খানাখন্ড দেখা দিয়েছে। তাই পুজোর আগে পিচ সরিয়ে সামগ্রিকভাবে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। 

শোনা যাচ্ছে, সল্টলেকে ৬৩টি রাস্তা সংস্কারের জন্য টেন্ডার ডাকার পর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় কংক্রিট ব্লক বসানোর কাজ চলছে। বিধাননগর উত্তর থানার সামনের রাস্তাটির প্রায়ই করুণ দশা দেখা যায়, তাই এখন সেটির মানোন্নয়ন করা হচ্ছে। কংক্রিট ব্লক বসানোর জন্য পুরনো পিচ তুলে ফেলা হচ্ছে। অনিন্দিতা আইল্যান্ডের সামনের রাস্তাটিতেও একই ধরনের কাজ চলছে। একটি লেনের কাজ ইতিমধ্যেই শেষ, আর এখন অন্য লেনটিতে কংক্রিট ব্লক পাতার কাজ হবে।

এছাড়া, প্রায় দু-বছর আগে সল্টলেকে ঢোকার মুখে কাদাপাড়া ক্রসিংয়ের কাছে একটি ছোট অংশে কংক্রিট ব্লক বসানো হয়। আগে এই ধরনের ব্লক শুধুমাত্র সীমিত কিছু এলাকাতেই ব্যবহার করা হতো, কিন্তু এগুলি দীর্ঘদিন স্থায়ী হওয়ায় এখন পুরো রাস্তাই এই ব্লক দিয়ে তৈরি করা হচ্ছে। 

আরও পড়ুন: মিলছে না সময়মত সুবিধা! অন্নপূর্ণা যোজনা, আবাস সহ ৬ প্রকল্পে কড়া নির্দেশ নবান্নের

পুরসভার এক কর্মকর্তা জানিয়েছেন, রাস্তায় ব্যবহৃত ব্লকগুলো ফুটপাতে ব্যবহৃত ব্লকের চেয়ে আলাদা, এগুলো আকারে বড় হয় এবং যানবাহনের ভার বহন করতে পারে। এছাড়া এগুলো অত্যন্ত টেকসই ও সহজে ভেঙে যায় না, তাই প্রধান রাস্তাগুলোতে কংক্রিট ব্লক বসানো হচ্ছে। সল্টলেকের আবাসিক ব্লকগুলোর ভেতরের রাস্তায় বিটুমিনের সাথে ম্যাস্টিকের মিশ্রণ ব্যবহার করা হবে।