অনন্যা সরকার, মুর্শিদাবাদ: জবাইয়ের আগে মোরগের (Rooster) মুখ থেকে বেরোচ্ছে ‘আল্লাহ’ ডাক। তাই শুনে এলাকা জুড়ে ছড়িয়েছে তুমুল চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ রামেশ্বরপুর এলাকায়। কৌতূহলের কেন্দ্রে থাকা মোরগটিকে দেখতে ভিড় জমাচ্ছেন এলাকাবাসীরা। মোরগের মালিক ও স্থানীয়রা দাবি করছেন, ওই মোরগটি নাকি উচ্চস্বরে আল্লাহ আল্লাহ ডাকছে। আসল ঘটনাটি কী আসুন জেনে নেওয়া যাক।
মোরগের মুখে আল্লাহ ডাক
মোরগের মালিক জামিরুল ইসলাম দাবি করেছেন যে, প্রায় দেড় মাস আগে তিনি যখন মোরগটিকে জবাই করতে যান তখনই প্রথমবারের জন্য ‘আল্লাহ আল্লাহ’ করে ডেকে ওঠে মোরগটি। তাই তখন তিনি জবাই করার সিদ্ধান্ত থেকে বিরত হন। এই ঘটনার পর বেশ কিছুদিন মোরগটি আর এরকমভাবে ডাকতে শোনা যায়নি। সম্প্রতি জামিরুল ইসলাম আবারও মোরগটিকে কাটার সিদ্ধান্ত নেন। পরামর্শ করার জন্য ডেকে আনেন পরিবারের এক মুরুব্বীকে। তাঁর উপস্থিতিতেই মোরগটি আবার আল্লাহ আল্লাহ ডেকে ওঠে।
এরপর এই অদ্ভুত ঘটনার কথা ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। স্থানীয়দের অনেকেই এটিকে অলৌকিক ঘটনা বলে মনে করছেন। তবে কিছুজনের মতে এটি মোরগের একটি স্বাভাবিক ডাক, যা শুনতে অনেকটা ‘আল্লাহ’-এর মতো মনে হয়। জামিরুল ইসলাম জানান, তিনি খাওয়ার জন্যই মাস দেড় দুই আগে মোরগটিকে কাটার সিদ্ধান্ত নিয়ে সেটিকে ধরতেই এমন ডাক শোনা গেছে মোরগটির মুখ থেকে। পরে আবার একদিন যখন মোরগটিকে ধরা হয়, তখন সে কিছুই করেনি। তারপর এখন আবার জবাইয়ের উদ্দেশ্যে ধরতেই একইভাবে ডেকে উঠেছে সেই মোরগ।
আরও পড়ুন: গাড়ির হাইবিমে লাগাম! হেডলাইটের নিয়ম বদলাচ্ছে সরকার
মোরগের মালিকের কথায়, পাড়ার মসজিদের মৌলবিকেও এই বিষয়টি জানান তিনি। মৌলবি তাঁকে বলেন এমনটা স্বাভাবিক, হতেই পারে। তবু তিনি আর মোরগটিকে কাটার সাহস করেননি। স্থানীয়রাও ওই মোরগটির এই বিশেষ আচরণ নিয়ে খুবই কৌতূহলী। তবে জামিরুল ইসলাম এখন সেটিকে নিয়ে কী করবেন বুঝে উঠতে পারছেন না বলেই জানান। যদিও প্রাণী বিশেষজ্ঞরা বলছেন, মোরগের সাধারণ ডাক কখনও কখনও মানুষের কাছে অন্য কোনও শব্দের মতো শোনাতে পারে। এটি কোনও শারীরিক সমস্যা বা বিশেষ রকমের কণ্ঠস্বরের কারণেও হতে পারে। এর সাথে অলৌকিকের কোনও সম্পর্ক নেই। মোরগ কখনও মানুষের ভাষা বুঝে, সে ভাষায় কথা বলতে পারে না।










