সৌভিক মুখার্জী, কলকাতা: তৃণমূলের আমলে চিটফান্ডে টাকা বিনিয়োগ করে সর্বস্ব হারিয়েছিল সাধারণ মানুষ। রোজভ্যালিতে (Rose Valley) প্রতারণার হার সবথেকে বেশি। হাইকোর্ট নির্দেশ দিলেও পুরনো সরকার সেই টাকা ফেরানোর জন্য তৎপর হয়নি। তবে এবার নতুন সরকার সেই টাকা ফেরানোর উদ্যোগ গ্রহণ করল। ফলে লক্ষ লক্ষ আমানতকারী এবার তাঁদের নিজেদের টাকা ফেরত পেতে চলেছেন বলেই মনে করা হচ্ছে। এমনকি এ বিষয়ে হাইকোর্টে প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার।
রোজভ্যালির টাকা ফেরাতে তৎপর রাজ্য সরকার
দীর্ঘ ১২ বছর ধরেই আশায় আশায় দিন গুনছেন আমানতকারীরা। হাইকোর্টের নির্দেশ মেলা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে সেই টাকা আটকে রেখেছিল পূর্বতন তৃণমূল কংগ্রেসের সরকার। তবে এবার হাইকোর্টে রাজ্য সরকারের তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, আগামী ১ বছরের মধ্যেই রোজভ্যালি সংস্থার মোট ২১টি হোটেল সহ সমস্ত সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে। সবথেকে বড় ব্যাপার, তৃণমূলের জমানায় এই দুর্নীতির অঙ্ক প্রায় ২৫০০ কোটি টাকায় গিয়ে ঠেকেছিল। তবে সমস্ত টাকা ফেরাতে পারবে কিনা রাজ্য সরকার তা নিয়ে সন্দিহান বহু আমানতকারী।
সম্প্রতি হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে রাজ্যের মুখ্যসচিব রিপোর্ট আকারে এই প্রস্তাব দিয়েছেন। এমনকি তৃণমূল সরকার গত ১২ বছরে সেভাবে টাকা ফেরতের ব্যবস্থা নেয়নি বলেই খবর। পাশাপাশি হাইকোর্টে নিযুক্ত অ্যাসেট ডিসপোজাল কমিটির বিরুদ্ধে অস্বচ্ছতার অভিযোগ এনেছে তদন্তকারী সংস্থা। আর এবার সেই ডিসপোজাল কমিটি ভেঙে দেওয়ার প্রস্তাব গ্রহণ করেছে রাজ্য সরকার। তবে আপাতত ১ বছর ডেডলাইন দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।
আরও পড়ুন: ২৪ আগস্ট থেকে বদলাচ্ছে SIM কার্ডের নিয়ম, কড়া নির্দেশ DoT-র
উল্লেখ্য, ২০১৫ সালের মার্চ মাসে রোজভ্যালির কর্ণধার গৌতম কুন্ডু এবং তাঁর স্ত্রী শুভ্রা কুন্ডুকে গ্রেফতার করা হয়েছিল। পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি দীর্ঘদিন ধরেই আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য তদন্ত চালাচ্ছে। এছাড়াও বহু সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় এই মামলায়। আর সম্পত্তি ফেরত দেওয়ার কাজের জন্যই তৈরি করা হয়েছিল অ্যাসেট ডিসপোজাল কমিটি। কিন্তু সেই কমিটি নিজেই দুর্নীতিতে জড়িয়ে পড়ায় এবার রাজ্য সরকার নিজস্ব উদ্যোগে সেই টাকা ফেরতের ব্যবস্থা গ্রহণ করল। সেই সূত্রেই হাইকোর্টে জমা দেওয়া হয়েছে প্রস্তাব।










