সৌভিক মুখার্জী, কলকাতা: অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে এবার বড় ঘোষণা করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। এমনিতেই টাকা না পাওয়ায় রাজ্যের বিভিন্ন জায়গায় পৌরসভা, বিডিও অফিস কিংবা এসডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন ক্ষুব্ধ মহিলারা। পাশাপাশি রাজ্য সরকারকেই কাঠগড়ায় তুলছেন তাঁরা। তবে আগস্ট মাসে এখনও পর্যন্ত যাঁরা টাকা পাননি, তাঁদের উদ্দেশ্যে স্বস্তির বার্তা দিলেন রাজ্য সভাপতি।
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শমীক ভট্টাচার্যের
এদিন হাওড়ার এক অনুষ্ঠানে যোগদান করেন রাজ্যসভার সাংসদ তথা রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সেখান থেকেই তিনি স্পষ্ট জানিয়েছেন, “সিস্টেমের কিছু সমস্যা রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে সাবোটেজ হয়েছে। আবার কোনও কোনও জায়গায় ফর্ম ফিলাপের ক্ষেত্রে গাফিলতি লক্ষ্য করা গিয়েছে। কিন্তু চিন্তার কারণ নেই। যাঁরা পেয়েছেন, তাঁরা তো পাবেনই। এর পাশাপাশি আরও ৫০ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। প্রত্যেকেই পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা। কেউ বাদ যাবেন না।”
শমীকের আরও সংযোজন, “বছরে ৩৬ হাজার টাকা তো আর কম নয়। এতদিন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়েছেন লক্ষ লক্ষ পুরুষ। সরকারি কর্মচারীরা পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে। আপনি কি এটা চান, যিনি স্কুলের শিক্ষিকা, যাঁর মাসিক বেতন ১ লক্ষ টাকার উপর, তিনিও লক্ষ্মীর ভাণ্ডার পাবেন? তিনিও কি অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন? সেটা কি চান? সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট শুরু করা হয়েছে সাধারণ মানুষের জন্যই। তার জন্য নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাঁরা পাওয়ার, তাঁরা ঠিক পাবেন। কেউ বাদ যাবেন না অন্নপূর্ণা যোজনা থেকে। এখনই বিচলিত হবেন না।”
আরও পড়ুন: স্বস্তি পেলেন অভিষেক, হাইকোর্টের নির্দেশে পুনরায় চালু ব্যাঙ্ক অ্যাকাউন্ট
উল্লেখ্য, ১৯ তারিখ পোর্টাল খুলে দেওয়ার পর বহু মহিলার আবেদন রিজেক্ট করে দেওয়া হয়েছে বা পুনরায় ভেরিফিকেশন প্রসেস দেখাচ্ছে। এ নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় ক্ষোভ উগড়ে দিয়েছেন মহিলারা। যদিও পৌরসভা বা বিডিও অফিসের তরফ থেকে পুনরায় ভেরিফিকেশনের পর তাঁদের মধ্যে অনেক মহিলার টাকা ইতিমধ্যেই ঢুকে গিয়েছে। এমনকি যাঁরা টাকা পাননি, তাঁদের অ্যাপ্লিকেশন নম্বর, আধার নম্বর এবং মোবাইল নম্বর জমা দিয়ে পুনরায় ভেরিফিকেশন করলেই টাকা ঢুকছে, যদি সেই মহিলা যোগ্য হন। এমনকি ২০ তারিখ পর্যন্ত টাকা দেওয়া হবে জানালেও, এই মাসের ৩১ তারিখ পর্যন্তই যোগ্যরা টাকা পাবেন বলে পরে জানানো হয়েছে।










