নীল সাদা নয়, গেরুয়া হবে ‘সারথি প্রকল্প’র সাইকেল! উঠছে প্রশ্নও

Published:

Sarathi Scheme Bicycle

পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর বিভিন্ন প্রকল্পের নামের সাথে পাল্টে যাচ্ছে রঙও। যেমন পূর্বতন সরকারের ‘সবুজ সাথী’ প্রকল্পের নাম বদলে হয়েছে ‘সারথি’ প্রকল্প (Sarathi Scheme)। শুধু তাই নয়, এই প্রকল্পের আওতায় যে সাইকেলগুলি দেওয়া হবে সেগুলোর রঙ বদলে গিয়েছে। আগের সরকার নবম শ্রেণির শিক্ষার্থীদের যে সাইকেল দিত, সেগুলোর রঙ ছিল প্রধানত নীল। তবে নতুন সরকার সারথি প্রকল্পের অধীনে পড়ুয়াদের গেরুয়া রঙের সাইকেল দেবে বলে শোনা যাচ্ছে। রঙ বদলালেও, আগের সরকারের দেওয়া সাইকেলের গুণমান নিয়ে যে অভিযোগ ছিল, তার পরিবর্তন হবে কিনা তা নিয়ে শিক্ষকমহলের একাংশের মধ্যে প্রশ্ন উঠছে।

সারথি প্রকল্পের সাইকেলের গুণমানে কি বদল আসবে?

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেন ‘সবুজ সাথী’ প্রকল্প। এতে নবম শ্রেণিতে উত্তীর্ণ হলেই স্কুলের ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়া হতো। তবে কলকাতার রাস্তায় সাইকেল চালানোর কোনও ব্যবস্থা না থাকায় কলকাতার পড়ুয়াদের এই প্রকল্পের আওতায় আনা হয়নি। বর্তমান সরকার এই প্রকল্পটিকে চালু রাখলেও এর নাম বদলে ‘সারথি’ করে দিয়েছে। বিধানসভা নির্বাচনের আগেই কিছু স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থীরা সাইকেল পেয়েছিল। তবে যারা এখনও পায়নি, তাদের সাইকেল দেওয়ার প্রক্রিয়া এবার শুরু করতে চলেছে বর্তমান সরকার।

তবে কিছু শিক্ষকরা জানাচ্ছেন, আগের সরকার যে সাইকেল পড়ুয়াদের ব্যবহারের জন্য দিত, সেগুলোর গুণমান নিয়ে নানা সময় নানা অভিযোগ শোনা যেতে। প্রধান শিক্ষকদের সংগঠন ‘অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস’-এর রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি জানান, সম্ভবত ‘সারথি’ প্রকল্পের আওতায় সাইকেলের রঙ গেরুয়া হবে। ‘সবুজ সাথী’ প্রকল্পের নতুন সাইকেল পাওয়ার পরেও তা ঠিকঠাকভাবে রাস্তায় চলার যোগ্য করে তোলার জন্য প্রায় ৫০০ টাকা খরচ করতে হতো। অনেক সাইকেলের টায়ার থাকলেও ভেতরে টিউব থাকতো না, কোনোটায় বেল ঠিকমতো বাজত না, আবার কোনোটিতে বেল থাকতোই না,   কিছু সাইকেলের মাডগার্ড ঠিকঠাক লাগানো থাকত না। এছাড়া, সাইকেলের চেইন নিয়েও অনেক অভিযোগ ছিল। তাই নতুন সরকারের দেওয়া সাইকেলগুলির ক্ষেত্রে শুধু রঙ বদলালেই হবে না, এর গুণমানও উন্নত করার প্রয়োজন রয়েছে।

আরও পড়ুন: মোবাইলের কিস্তি শোধ না করায় যুবকের শরীর থেকে রক্ত বের করে নিল দোকান মালিক

এদিকে, ‘বেঙ্গলি টিচার্স অ্যান্ড এডুকেশন ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’-এর সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে, গেরুয়া রঙ তাঁর কাছে আবেগ। তাই সাইকেলের রঙ যদি গেরুয়া হয়, তাহলে তার গুণমান নিশ্চিতভাবেই ভালো হওয়া উচিত। যদি এগুলি গুনমান খারাপ হয়, বারবার খারাপ হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে, তবে তা গেরুয়া রঙেরই অবমাননা।

প্রসঙ্গত, শুধু সাইকেলই নয়, রঙ বদলেছে সরকারের দেওয়া খাতারও। পূর্বতন সরকারের আমলে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের দেওয়া খাতার রঙ ছিল নীল, যা এখন বদলে গেরুয়া করা হয়েছে। খাতার ওপর প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবির জায়গায় এখন দেখা যাচ্ছে বর্তমান মুখ্যমন্ত্রীর ছবি। এক শিক্ষক এপ্রসঙ্গে বলছেন যে, আগের সরকারের আমলে খাতায় ব্যবহৃত কাগজের মান খুব একটা ভালো ছিল না। এখন অভিযোগ উঠছে যে, বর্তমানে খাতার রঙ ও ছবি বদলালেও কাগজের মানে বিশেষ কোনও পরিবর্তন হয়নি।