বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের ভোগান্তির মুখে পড়তে হবে শিয়ালদহ ডিভিশনের (Sealdah Division) যাত্রীদের! মূলত রেললাইন মেরামতির কাজের জন্য এই ডিভিশনের (Indian Railways) কয়েকটি শাখায় বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। সেই মর্মে, শুক্রবার বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ব রেল। পূর্ব রেলের ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী 30 আগস্ট অর্থাৎ রবিবার রাত 12টা থেকে শুরু হবে কাজ। এই কাজ চলবে সোমবার সকাল 7টা পর্যন্ত। মূলত সে কারণেই এই সেকশনে ট্রাফিক ব্লকের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। ফলে রবিবার দিনের বিভিন্ন সময়ে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন।
শিয়ালদহ ডিভিশনে বাতিল করা হল এই ট্রেনগুলি
পূর্ব রেল সূত্রে খবর, শিয়ালদহ ডিভিশনের বেশ কিছু শাখায় রেল লাইন মেরামতির কাজ চলবে। কিছু অংশে নতুন করে তৈরি করা হবে ট্র্যাক। কোথাও আবার ট্রেনের লাইন বদলানোর যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টে বেশ কিছু মেরামতির কাজ চলবে। এছাড়াও দুটি রেল লাইনের সংযুক্তি অর্থাৎ যে অংশ জোড়া থাকে সেইসব জায়গায় পুরনো যন্ত্রাংশ বদলে ফেলা হবে। এক কথায়, যাত্রীদের সুবিধার্থে এবং রেল ব্যবস্থার সংস্কারের লক্ষ্যে শিয়ালদহর বিভিন্ন শাখায় লাইনের মেরামতির কাজ করবে পূর্ব রেল।
জানা যাচ্ছে, এই মেরামতির কারণেই বেশকিছু অংশের ট্রেন ঢোকা এবং বেরোনোর ক্ষেত্রে সমস্যা তৈরি হবে, সে কথা বুঝেই দিনের বিভিন্ন সময়ে বাতিল করা হয়েছে একাধিক লোকাল ট্রেন। যদিও যাত্রী সুবিধার্থে রবিবার রাত 12 টা শুধুমাত্র সোমবার সকাল 7টা পর্যন্ত সময়টাই বেছে নিয়েছে রেল। এখন প্রশ্ন, পূর্ব রেলের এই কাজের জন্য কোন কোন লোকাল ট্রেন বাতিল হয়ে গেল? চলুন দেখে নেওয়া যাক এক নজরে।
আরও পড়ুন: “গোটা লাইব্রেরি বানিয়ে দেওয়ার ক্ষমতা রাখি!” বই ‘চুরি’ অপবাদে হুঙ্কার মমতার
শুক্রবার, পূর্ব রেলের তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, শিয়ালদহ ডিভিশনের শিয়ালদহ থেকে হাবড়া, শিয়ালদহ থেকে রানাঘাট, শিয়ালদহ-কল্যাণী সীমান্ত, এমনকি শিয়ালদহ-ডানকুনি লোকালের মতো ট্রেন বাতিল করা হয়েছে। স্পষ্ট ভাবে বলতে গেলে রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, শিয়ালদহ এবং হাবড়া শাখার আপ 33651, ডাউন 33652, আপ 33653 এবং ডাউন 33654 লোকাল ট্রেন থেকে শুরু করে শিয়ালদহ-রানাঘাট আপ 31615 এবং ডাউন 31620 লোকাল, 31313 আপ এবং 31316 ডাউন শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল, 32217 ও 32218 আপ এবং ডাউন শিয়ালদহ-ডানকুনি লোকাল বাতিল করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি শিয়ালদহ-লালগোলা 53172 ডাউন ট্রেনটি লালগোলা থেকে শিয়ালদহ পর্যন্ত না গিয়ে দমদম পর্যন্ত যাবে।










