রাজ্যে চালু হচ্ছে প্রিপেড স্মার্টমিটার পরিষেবা, কবে? রইল তারিখ

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যের সমস্ত সরকারি অফিসে অবিলম্বে স্মার্টমিটার (Smart Meter)চালু করার উদ্যোগ নিয়েছিল ভারতীয় জনতা পার্টির নতুন সরকার (Government Of West Bengal)। সেই মতোই, অবশেষে বাংলার প্রায় 44 হাজার সরকারি অফিসে আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বরের আগেই চালু হয়ে যাচ্ছে প্রিপেড স্মার্টমিটার। এর আগে সরকারি অফিসগুলিতে স্মার্টমিটার বসানোর উদ্দেশ্যে জেলাশাসক থেকে শুরু করে, সমস্ত দপ্তরের প্রধান এবং রাজ্য পুলিশের ডিজিকে চিঠিও দিয়েছিলেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল।

ঠিক কবে থেকে চালু হচ্ছে স্মার্টমিটার?

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পর পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন সংস্থার তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, চলতি মাস অর্থাৎ আগস্টের 31 তারিখের মধ্যেই রাজ্যের প্রায় 44 হাজার সরকারি অফিসে প্রিপেড স্মার্টমিটার চালু হয়ে যাবে। যদিও এই মুহূর্তে গোটা রাজ্যজুড়ে 90 হাজারেরও বেশি সরকারি দপ্তর বা অফিস রয়েছে। 44 হাজার অফিসে স্মার্টমিটার চালু হলেও বাকি দপ্তরগুলিতে কবে এই মিটার চালু হবে তা নিয়ে উঠছে প্রশ্ন।

শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য সরকারের অবশ্য লক্ষ্য, রাজ্যের প্রত্যেকটা সরকারি দপ্তরকে স্মার্টমিটার পরিষেবার আওতায় নিয়ে আসা। সেই মতোই, প্রথম ধাপে প্রায় 44 হাজার সরকারি দপ্তরে এই পরিষেবা চালু করার পর পরবর্তীতে ধাপে ধাপে রাজ্যের 100 শতাংশ সরকারি দপ্তরকে স্মার্টমিটার পরিষেবার আওতায় নিয়ে আসবে সরকার। সেই মর্মে, প্রত্যেকটি সরকারি অফিসের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের মোবাইল নম্বর ডব্লুবিএসিডিসিএলের পোর্টালে নথিভুক্ত করতে বলা হয়েছে।

আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশ অমান্য করার জের, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে FIR, গ্রেফতার হবেন?

প্রসঙ্গত, রাজ্যের যে সমস্ত সরকারি দপ্তরে ডব্লুবিএসিডিসিএলের পোস্টপেড বিল দেওয়া হয় এবং যেসব অফিসের বিদ্যুতের লোড 50 কিলোওয়াটের বেশি নয় তাদের ক্ষেত্রেই এই ব্যবস্থা কার্যকর হতে চলেছে। নবান্ন সূত্রে খবর, প্রিপেড স্মার্টমিটার বিলিং শুরু করার আগে একটি পোস্টপেড বিল পাঠানো হবে। বিল তৈরির তারিখ থেকে পরবর্তী 10 দিনের মধ্যে সেই বিদ্যুৎ বিল মেটাতে হবে। অন্যথায় পরবর্তীতে বাকি বিলের সাথে সেটা সমন্বয় করে নেওয়া হতে পারে।