নিজেরাই অনলাইনে তুলতে পারবেন নাম-তথ্য, শুরু হল জনগণনার প্রশিক্ষণ

Published:

Census 2026

সৌভিক মুখার্জী, কলকাতা: চলতি বছরেই শুরু হচ্ছে জনগণনা (Census 2026)। এ নিয়ে গতবছর বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তবে জানানো হয়েছিল, এবার অনলাইন অর্থাৎ ডিজিটাল মাধ্যমেই এই সেনসাসের কাজ সম্পন্ন হবে। অর্থাৎ, সেক্ষেত্রে তথ্য গরমিলের সম্ভাবনা থাকবে না বলেই মনে করা হচ্ছে। নতুন সরকারের হাত ধরেই চলবে জনগণনা। আর এবার মোট দুই দফায় গণনা হবে বলে জানানো হয়েছে।

শুরু হচ্ছে জনগণনা

ইতিমধ্যেই জনগণনার প্রথম পর্যায়ের কাজ শুরু করেছে জেলা এবং প্রশাসন। প্রতিটি বাড়ি বাড়ি ঘুরে ফিল্ড অফিসাররা তথ্য সংগ্রহ করবেন। এমনকি এর জন্য প্রাথমিক স্কুলের শিক্ষক এবং আইসিডিএস কর্মীদেরকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তবে এও জানানো হয়েছে, এবার সাধারণ নাগরিকরা নিজেদের তথ্য নিজেরাই অনলাইন পোর্টালে তুলতে পারবে। জানা যাচ্ছে, প্রতিটি ব্লকের গ্রাম পঞ্চায়েত বা পুরসভা এলাকায় ওয়ার্ড ভিত্তিক কাউন্টার এজেন্ট নিয়োগ করা হবে। সেক্ষেত্রে প্রতি ৭০০ থেকে ৮০০ জনের জন্য একজন করে থাকবে। এমনকি সেই তথ্য ডিজিটাল করার জন্য আরও একজনকে নিয়োগ করা হবে।

তবে প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী ১ থেকে ১৫ আগস্ট পর্যন্ত সাধারণ নাগরিকরা নিজেরাই নিজেদের তথ্য সরাসরি সেনসাসের অফিশিয়াল ওয়েবসাইটে তুলতে পারবে। সেক্ষেত্রে নিজের নাম থেকে শুরু করে পরিবারের সমস্ত সদস্যদের নাম এবং প্রয়োজনীয় তথ্য আপলোড করা যাবে। এরপর প্রথম ধাপে ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত গণনাকারীরা প্রত্যেক বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। আর দ্বিতীয় দফার কাজ শুরু হবে আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি বা মার্চ মাস নাগাদ। তবে অনলাইন পোর্টালে পরিবারে কতজন সদস্য, শিক্ষা, স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, কর্মসংস্থান, আবাসন, পরিকাঠামো ইত্যাদি তথ্য আপলোড করা বাধ্যতামূলক।

আরও পড়ুন: রাস্তায় পুলিশের তোলাবাজি বন্ধ! কড়া ব্যবস্থা নিলেন মুখ্যমন্ত্রী

জানিয়ে রাখি, শেষবার ২০১১ সালে পূর্ণাঙ্গভাবে জনগণনার কাজ সম্পন্ন হয়েছিল। তবে নিয়ম অনুযায়ী প্রতি ১০ বছর অন্তর একবার করে জনগণনা হওয়া জরুরী। সেই অনুযায়ী ২০২১ সালে আবারও জনগণনার কথা ছিল। কিন্তু করোনা মহামারীর কারণে তা স্থগিত হয়ে যায়। এবং কেন্দ্র সরকারের ঘোষণা অনুযায়ী ২০২৬ সাল থেকেই শুরু হবে পুনরায় জনগণনার কাজ। এমনকি ২০২৭ সালের ১ মার্চের মধ্যেই জনগণনার কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার।