প্রীতি পোদ্দার, কলকাতা: আগামীকাল মহালয়া, পুজো (Durga Puja 2026) প্রায় দোরগোড়ায় এসে গিয়েছে। কিন্তু উৎসবের মরশুমে এখনও বহু জায়গায় রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। কোথাও খানাখন্দে ভর্তি মেইন রোড, তো কোথাও আবার বর্ষার জল জমে খুবই খারাপ দশা। তাই পুজোর আগে রাজ্যের বেহাল রাস্তা মেরামত করতে তৎপর হয়ে উঠেছে রাজ্য সরকার (Government Of West Bengal)। শুধু তাই নয়, কাজে স্বচ্ছতা বজায় রাখতে চালু করা হচ্ছে বিশেষ পোর্টাল ‘পথ নির্মাণ অ্যাপ’ (Path Nirman App)। সাধারণ মানুষের স্বার্থে এমনই বড় ঘোষণা করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
চালু হল নয়া অ্যাপ
উৎসবের মরশুমে চারিদিকে যখন চলছে পুজো প্রস্তুতি, সেই সময় রাজ্যের অনেক জায়গায় রাস্তার অবস্থা বেহাল, তড়িঘড়ি যাতে সেই সমস্যা মেটানোর যায় তার জন্য এবার রাজ্য সরকারের তরফে চালু করা হল ‘পথ নির্মাণ অ্যাপ’। কোন পুরসভায় কোথায় রাস্তার কাজ হচ্ছে, কত টাকা খরচ হচ্ছে, কোন সংস্থা কাজের বরাত পেয়েছে, সব তথ্যই পাওয়া যাবে এই একটা পোর্টালে। প্রতিটি কাজের তিন সেট ছবি আপলোড করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রাস্তা নিয়ে সাধারণ মানুষের যদি কোনও অভিযোগ থাকে তাহলে সরাসরি প্রশাসনের কাছে তা জানাতে পারবেন।
আনা হল ‘কুইক ফিক্স’-এর মতো আধুনিক প্রযুক্তি
প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী ১০ থেকে ১২ অক্টোবরের মধ্যে অ্যাপ ও ওয়েব পোর্টালের যাবতীয় কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ইদানীং সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টি হয়েছে এলাকায় এলাকায়, যার কারণে রাস্তা মেরামতের কাজে ব্যাঘাত ঘটেছে। তবে সেই কাজ পুজোর আগে দ্রুত শেষ করতে তৎপর হয়ে উঠেছে প্রশাসন। প্রয়োজনে ‘কুইক ফিক্স’-এর মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও রাস্তা মেরামতের পরিকল্পনা নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ‘হিন্দুত্ববাদী গুন্ডা’ মন্তব্যে ফাঁপরে পড়লেন বিকাশ, দায়ের হল জোড়া মামলা
প্রসঙ্গত, রাজ্যে সরকার পরিবর্তন হতেই একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিক্ষা, স্বাস্থ্য, রেশন সমস্ত ক্ষেত্রে যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় তার জন্য একের পর এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক তেমনই যাতায়াত ব্যবস্থাতেও যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য এবার নয়া অ্যাপ চালু করা হল। এছাড়াও রাস্তার কোনো সমস্যা হলে প্রশাসনের নজরে তা আনতে হলে সরাসরি অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। তার জন্য ‘স্বচ্ছ অ্যাপ’ ডাউনলোড করে সেই জায়গার ছবি তুলে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।










