অনন্যা সরকার, কলকাতা: দীর্ঘদিন ধরেই বসবাস করছেন ভাঙা জরাজীর্ণ কোয়ার্টারে, বর্ষায় সিলিং থেকে জল পড়ে, কিছু জায়গায় চাঙ্গর খসে বিপজ্জনক অবস্থা। এভাবেই দিনের পর দিন কাটাচ্ছেন বহু চটকল শ্রমিক (Jute Mill Workers)। তাই এবার তাদের কথা ভেবেই রাজ্য সরকার সাশ্রয়ী মূল্যে আবাসনের ব্যবস্থা করেছে। এই উদ্যোগটি প্রধানমন্ত্রী আবাস যোজনা–আরবান ২.০ (Pradhan Mantri Awas Yojana-Urban 2)-এর অংশ হিসেবে ‘অ্যাফোর্ডেবল হাউজিং ইন পার্টনারশিপ’ (AHP) প্রকল্পের অধীনে নেওয়া হচ্ছে। উত্তর ২৪ পরগনা এবং হুগলি জেলায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পাইলট প্রকল্প।
চটকলের শ্রমিকদের সস্তায় বাড়ি দেবে সরকার
এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা চটকল শ্রমিক এবং তাদের পরিবারকে স্থায়ী, নিরাপদ ও সাশ্রয়ী মূল্যের বাসস্থান প্রদান করা। বর্তমানে, বহু শ্রমিক পুরোনো ও জরাজীর্ণ কোয়ার্টারে বসবাস করছেন। এই আবাসন প্রকল্পটি বিশেষভাবে তাদের জন্যই নিয়ে আসা হয়েছে। শ্রম দফতরের তরফে জানানো হয়েছে যে, জেলা প্রশাসন, পৌরসভা, মিল কর্তৃপক্ষ ও ট্রেড ইউনিয়নগুলির সাথে সমন্বয় সাধন করে যোগ্য সুবিধাভোগীদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকবে পৌরসভা।
প্রধানমন্ত্রী আবাস যোজনা–আরবান ২.০-এর নির্দেশিকা অনুসারে, যে সকল পাটকল শ্রমিকের বার্ষিক পারিবারিক আয় ৩ লক্ষ টাকার মধ্যে এবং ভারতবর্ষের মধ্যে কোথাও যাদের নিজস্ব কোনো স্থায়ী বাড়ি নেই, তারা এই প্রকল্পের জন্য যোগ্য হবেন। প্রতিটি আবাসন ৩০ থেকে ৪৫ বর্গমিটারের (প্রায় ৩২৩ থেকে ৪৮৪ স্কোয়ার ফুট) হবে এবং এর মধ্যে দুটি ঘর, একটি রান্নাঘর এবং একটি শৌচাগার থাকবে।
আরও পড়ুন: এবার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে গেলেই গুনতে হবে চার্জ? নিয়মে বদল আনল মেটা
বর্তমানে উত্তর ২৪ পরগনার টিটাগড়, ভাটপাড়া এবং কামারহাটি পুরসভা এলাকার মধ্যে আইনি ঝামেলা, ঋণ, বন্ধক ও অন্যান্য আর্থিক দায়মুক্ত জমি চিহ্নিত করার জন্য নির্দেশ জারি করা হয়েছে। হুগলিতে চটকল শ্রমিকরা যাতে আবেদন জমা দেওয়ার সুবিধা পান, তার জন্য শ্রম কমিশনারের সহায়তায় বিশেষ শিবিরের আয়োজন করা হবে বলে জানা গেছে। প্রায় ৮,০০০ শ্রমিক ইতিমধ্যেই এই প্রকল্পের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। শ্রম দফতরের পক্ষ থেকে জানা গেছে যে, এই উদ্যোগটি কেবল আবাসন নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এটি চটকল শ্রমিক ও তাদের পরিবারের জন্য নিরাপত্তা ও উন্নত জীবনযাপনের মান নিশ্চিত করবে।










