রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘কন্যারত্ন’, কত টাকা পাবেন? কীভাবে আবেদন জানুন

Published:

Kanyaratna

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে সরকারের পরিবর্তন হতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছিলেন, আগের সরকারের কোনও প্রকল্প বন্ধ হবে না। কিন্তু সম্প্রতি সাংবাদিক বৈঠক করে তিনি জানান, মেয়েদের জন্য যে কন্যাশ্রী প্রকল্প চালু করেছিল তৃণমূল সরকার, সেই প্রকল্পের নাম পরিবর্তন করে করা হচ্ছে কন্যারত্ন (Kanyaratna), এবং সবুজসাথী নামে সাইকেল বিতরণের যে প্রকল্প চালু রয়েছে, তার নাম পরিবর্তন করে রাখা হবে সারথি। এমনকি আগের মতোই সমস্ত সরকারি সুবিধা মিলবে বলেই জানানো হয়েছে। কিন্তু নতুন এই প্রকল্পে যোগ্যতা কি আগের মতোই দরকার? জানুন বিস্তারিত।

রাজ্যের নতুন প্রকল্প কন্যারত্ন

আসলে তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে মেয়েদের স্কুলছুট রুখতে এই প্রকল্প চালু করা হয়েছিল। এই প্রকল্পের আওতায় কে-১ এবং কে-২ এই দুই বিভাগে আর্থিক সহায়তা করা হয় মেয়েদের। তবে আগের মতোই সমস্ত সুবিধা মিলবে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকি তাঁর ঘোষণা অনুযায়ী, আগে যেখানে প্রতিবছর ১৪ আগস্ট কন্যাশ্রী দিবস হিসেবে পালন করা হতো, এবছর থেকে নতুন সরকারের আমলে তা কন্যারত্ন দিবস হিসেবে পালন করা হবে। এমনকি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই প্রকল্প সম্পর্কিত বিস্তারিত বিবরণ খুব তাড়াতাড়ি জারি করা হবে বলেই জানা যাচ্ছে।

এক্ষেত্রে উল্লেখ করার বিষয়, কে-১ ক্যাটাগরির আওতায় ১৩ থেকে ১৮ বছর বয়সী মেয়েদের অর্থাৎ যা অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে পড়াশোনা করছে, তাদেরকে প্রতি বছর ১০০০ টাকা করে বৃত্তি দেওয়া হয়। এর পাশাপাশি কে-২ ক্যাটাগরির আওতায় উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রীদের এককালীন ২৫ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়। তবে সেই শিক্ষার্থীকে অবশ্যই ১৮ বছর বয়স সম্পন্ন করে থাকতে হবে।

কারা পাবে এই প্রকল্পের সুবিধা?

এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে কিছু মানদণ্ড দেওয়া রয়েছে। সেগুলি হল—

  • প্রথমত, সেই ছাত্রীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • দ্বিতীয়ত, আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ ২০ হাজার টাকার মধ্যে হতে হবে।
  • ছাত্রীকে অবশ্যই পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত যে কোনও বিদ্যালয় পঠরত হতে হবে।
  • বয়স সীমা হতে হবে ১৩ থেকে ১৮ বছরের মধ্যে।
  • তবে যারা কে-২ ক্যাটাগরির আওতায় পড়বে, তাদের বয়স হতে হবে ১৮ বছরের উপরে।

আরও পড়ুন: এই শর্তগুলি না পূরণ করলে পাবেন না রেশন, যাচাইয়ের প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার

কীভাবে আবেদন করবেন?

পূর্বতন সরকারের আমলে কন্যাশ্রী প্রকল্পে সরাসরি স্কুলের মাধ্যমেই আবেদন গ্রহণ করা হতো। সেক্ষেত্রে আবেদনপত্রের সঙ্গে বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করে বিদ্যালয়ে জমা দিতে হতো। তবে নতুন সরকারের আমলে এখনও পর্যন্ত এই প্রকল্পে আবেদনের প্রক্রিয়া সম্পর্কে কিছু জানানো হয়নি। আশা করা যাচ্ছে, খুব তাড়াতাড়ি এই প্রকল্প সংক্রান্ত একটি রূপরেখা তুলে ধরা হবে।

তবে প্রয়োজনীয় ডকুমেন্ট সংক্রান্ত তথ্য যদি আলোচনা করি, তাহলে এই প্রকল্পের জন্য বয়সের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক। তার পাশাপাশি পরিবারের আয়ের প্রমাণপত্র, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের পাসবইয়ের জেরক্স, পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হয়।