বরাদ্দ বৃদ্ধি মিড ডে মিলে, স্কুলে রান্না হল মাংস-ভাত

Published:

Mid Day Meal

প্রীতি পোদ্দার, কলকাতা: মিড ডে মিলের (Mid Day Meal) বরাদ্দ বাড়তেই খুশিতে ডগমগ পড়ুয়ারা। আর সেই খুশিতে এবার পিকনিকের মেজাজে মাংস ভাত খাওয়ানো হল পড়ুয়াদের। জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কালনা (Kalna) শহরের এক স্কুলে এমনই ভোজের আড্ডা বসেছিল পড়ুয়াদের মধ্যে। পূর্বতন সরকারের আমলে মিড ডে মিলে পড়ুয়াদের মাথাপিছু যা বরাদ্দ ছিল, তাতে পরিস্থতি সামাল দেওয়া ক্রমশ কঠিন হয়ে পড়ছিল। কিন্তু এবার নয়া সরকার আসতেই বড় পদক্ষেপ নেওয়া হল মিড ডে মিল নিয়ে।

বরাদ্দ বাড়ানো হল মিড ডে মিলের

গত সোমবার, বিধানসভায় বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সরকারি স্কুলে মিড ডে মিলে বরাদ্দ বাড়ানো থেকে শুরু করে স্কুলছাত্রীদের সুবিধার্থে স্যানিটারি ভেন্ডিং মেশিন বসানোর মতো একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। মিড ডে মিলের (Mid Day Meal) প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন যে, “এতদিন পড়ুয়া পিছু মাত্র সাড়ে ৬ টাকা করে বরাদ্দ ছিল কিন্তু এবার থেকে তা বাড়িয়ে করা হবে ১০ টাকা। এর ফলে স্কুলে আরও বেশি করে পুষ্টিকর খাবার পাবে ছোট ছোট পড়ুয়ারা।” আর সেই খুশিতে ছাত্রদের মিড–ডে মিলে খাওয়ানো হল মাংস এবং ভাত।

খুশির মেজাজে খাওয়ানো হল মাংস ভাত

জানা গিয়েছে, গতকাল, মঙ্গলবার, কালনা শহরের অম্বিকা মহিষমর্দিনী বিদ্যালয়ের ছাত্রদের জন্য রীতিমত পিকনিকের আয়োজন করেছিল বিদ্যালয় কর্তৃপক্ষ। মিড ডে মিলের বরাদ্দ বাড়িয়ে দেওয়ায় পাত পেড়ে পড়ুয়াদের মাংস ভাত খাওয়ানো হয়েছিল। এই বিষয়ে শিক্ষক সুখেন দাস জানান যে, ‘আমাদের স্কুলে বরাবর মিড ডে মিল উৎসবের মেজাজে হয়ে থাকে। বিদ্যালয়ের নিজস্ব কিচেন গার্ডেন রয়েছে। সকলের পরিচর্যায় সেই বাগানে যে আনাজ উৎপাদিত হয়েছে, তাই ব্যবহার করা হয় মিড ডে মিলে। সম্প্রতি রাজ্য বাজেটে মাথাপিছু বরাদ্দ বেড়েছে। তাই আনন্দে পড়ুয়াদের মাংস ভাত খাওয়ানোর ব্যবস্থা করেছি।’

আরও পড়ুন: নিষিদ্ধ অস্ত্র প্রদর্শন, ডিজে! মহরম নিয়ে একগুচ্ছ বিধিনিষেধ কলকাতা পুলিশের

প্রসঙ্গত, বিধানসভায় বাজেট পেশ করে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, কলকাতা পুর এলাকার স্কুলগুলিতে মিড-ডে মিলের দায়িত্ব দেওয়া হবে ইসকনকে। পড়ুয়াদের পাতে যাতে পুষ্টিকর খাবার যেমন সয়াবিন, রাজমা এবং পনির থাকে সেই বিষয়ে জোর দেওয়ার কথাও শোনা গিয়েছে। সম্প্রতি একটি মেনুও প্রকাশ্যে এসেছে। ইসকনের তরফ থেকে সোমবার ভাত, সয়াবিন, মঙ্গলবার ভাত, ডাল, আলুর চোখা, বুধবার থাকবে পোলাও, মটর পনির। এছাড়াও বৃহস্পতিবার থাকবে ভাত, কুমড়ো চানা, শুক্রবার থাকবে ভাত, মিক্সড ভেজিটেবল অথবা কাবুলি চানা এবং শনিবার থাকবে খিঁচুড়ি, পাঁপড় এবং মিষ্টি।