সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গের ওবিসি সংক্রান্ত মামলায় (OBC Case) এবার বড় কথা শোনাল দেশের সর্বোচ্চ আদালত। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে করা হয় মামলা। সেই ইস্যুতে আজ আদালত স্পষ্ট জানিয়েছে, ওবিসি সংক্রান্ত সমস্ত মামলা একসঙ্গেই শোনা হবে। প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে এই সংক্রান্ত আবেদন তুলে ধরা হয় আজ। তার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
ওবিসি মামলা নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের
রাজ্য সরকারের তরফ থেকে সেই সময় কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হয়। যদিও সেই মামলা প্রত্যাহার করে সর্বোচ্চ আদালত জানিয়েছিল, কোনও ব্যক্তি যদি মনে করেন যে এই মামলা প্রত্যাহারের ফলে তাঁর নিজের অধিকার খর্ব হচ্ছে, তাহলে তিনি ফের আদালতের দ্বারস্থ হতে পারেন। এদিকে রাজ্য সরকারের তরফ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা স্পষ্ট জানিয়েছিলেন, সর্বোচ্চ আদালতের মামলা প্রত্যাহারের পর ওবিসি সংরক্ষণ আবারও আগের জায়গায় ফিরিয়ে নিয়ে গিয়েছে রাজ্য সরকার। উভয় পক্ষের বক্তব্য শোনার পরেই আদালত জানায়, এই সংক্রান্ত সমস্ত মামলা একসঙ্গে শোনা হবে।
প্রসঙ্গত সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মেধা তালিকা বাতিল করে নতুন মেধা তালিকা তৈরি করার নির্দেশ দেন। এমনকি পুরনো বিধি মেনে ২০১০ সালের আগে ইস্যু হওয়া ৬৬টি ওবিসি সম্প্রদায়ের তালিকার ভিত্তিতেই আগের মতো ৭ শতাংশ সংরক্ষণ বহাল রাখেন এবং ১৫ দিনের মধ্যে ফল প্রকাশের নির্দেশ দেন। তা নিয়ে শীর্ষ আদালতে আবেদন করেছিল রাজ্য সরকার। পরে সেই আবেদন পিছিয়ে হাইকোর্টের নির্দেশ বহাল রাখে আদালত।
আরও পড়ুন: রেকর্ড উচ্চতায় দেশের মুদ্রাস্ফীতি, ফের রেপো রেট বাড়াতে পারে RBI
তবে আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ ওই মামলা প্রত্যাহারের অনুমতি দেয়, এবং সমস্ত মামলা একসঙ্গে শোনা হবে বলেই জানায়। এছাড়া অন্য পক্ষ নিজেদের মামলা চালিয়ে যেতে পারে বলেও জানানো হয়। অন্যদিকে শুভেন্দু অধিকারীর সরকার হাইকোর্টের নির্দেশ মেনে সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভায় দুটি বিল পাস করিয়েছেন, যার মাধ্যমে ওবিসি সংরক্ষণের পুরনো কাঠামো আবারও ফিরে এসেছে। কিন্তু সেখানে ২০১০ সালের আগের সমীক্ষার ভিত্তিতে স্বীকৃত ৬৬টি সম্প্রদায় রাখা হয়েছে। বাদ দেওয়া হয়েছে ৭৭টি সম্প্রদায়।










