বাংলাজুড়ে বিনামূল্যে ক্লিনিক, আয়ুষ্মান মন্দির চালুর পথে রাজ্য সরকার

Published:

Ayushman Bharat Scheme

প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর নির্বাচনে বঙ্গ রাজনীতিতে বাংলায় প্রথমবার সরকার গড়েছে গেরুয়া শিবির। আর ক্ষমতায় আসা মাত্রই এতদিন আটকে থাকা সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের কাজ যত দ্রুত সম্ভব চালু করতে মরিয়া হয়ে উঠেছে শুভেন্দু অধিকারীর সরকার। যার মধ্যে অন্যতম হল আয়ুষ্মান ভারতের (Ayushman Bharat Scheme) মতো প্রকল্প। জানা গিয়েছে, রাজ্যজুড়ে বিনামূল্যে ক্লিনিক পরিষেবা চালুর জন্য আজ দিল্লিতে একাধিক বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অর্থাৎ বাংলায় আয়ুষ্মান প্রকল্প বাস্তবায়নের পথে আরও একধাপ এগোলো কেন্দ্র।

দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

গতকাল অর্থাৎ শুক্রবার দফায় দফায় কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথম বার দিল্লি সফরে গিয়েছেন শুভেন্দু। লক্ষ্য একটাই, বাংলার জন্য একাধিক কেন্দ্রীয় প্রকল্প চালু করা। ডবল ইঞ্জিন সরকার হওয়ার পর সংকল্প পত্রতে বলেছিল বিজেপি , পশ্চিমবঙ্গকে সোনার বাংলা করা হবে, বারবারই জনসভাগুলিতে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। আর তাই সেই প্রতিশ্রুতি পূরণে বড় পদক্ষেপ নিতে চলেছে শুভেন্দু সরকার।

আয়ুষ্মান মন্দির চালু নিয়ে বৈঠক

জানা গিয়েছে আজ, শনিবার রয়েছে আয়ুষ্মান মন্দির (Ayushman Mandir) চালু নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক। মুখ্যমন্ত্রীর তরফে জানানো হয়েছে, আয়ুষ্মান মন্দির চালু করার জন্য আজ, দুপুর বারোটা নাগাদ স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে রাজ্য সরকারের একটি ভার্চুয়াল বৈঠক হবে। একবার যদি এই প্রকল্পটি বাংলায় চালু হয় তাহলে ছোটখাটো স্বাস্থ্যকেন্দ্র বা চিকিৎসাকেন্দ্র তৈরি করে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে। গতকাল দিল্লিতে এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, “কেন্দ্রীয় প্রকল্পের নাম পাল্টানোর কারণে কেন্দ্রীয় বরাদ্দ আটকে ছিল এতদিন। আমরা সেসব সমাধান করব। আয়ুষ্মান মন্দির নামটি ব্যবহার করা হয়নি। তার কারণ, প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভোটাররা তাতে ক্ষুব্ধ হতেন।”

অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অনুপ্রবেশকারীদের নিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর সাফ মন্তব্য, “অনুপ্রবেশকারীদের জেলে রেখে ভারতীয় করদাতাদের পয়সা নষ্ট করবে না সরকার। চিহ্নিত হওয়ার পর তাদের ফেরত পাঠানো হবে।” ইতিমধ্যেই জাতীয় স্বাস্থ্য মিশনের ডিরেক্টরের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং সমস্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে। বলা হয়েছে এবার রং বদলাবে রাজ্যের সব সরকারী স্বাস্থ্যকেন্দ্রের। আয়ুষ্মান আরোগ্য মন্দিরের নতুন ব্র্যান্ডিং করা হবে। এখন দেখার আজকের বৈঠকে কী সিদ্ধান্ত প্রকাশ্যে আসে।

আরও পড়ুন: ১০ দিনে তিনবার, ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত হল রেট?

দিন দুয়েক আগেই BSF-কে জমি হস্তান্তর করেছে পশ্চিমবঙ্গ সরকার। সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য দীর্ঘ ২৭ কিলোমিটার জমি বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছিল। মনে করা হচ্ছে, বিএসএফ-কে জমি হস্তান্তরের বিষয়টি নিয়ে রাজনাথের সঙ্গে আলোচনা করে থাকতে পারেন শুভেন্দু। শুধু তা-ই নয়, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিষয়টি উত্থাপিত হয়েছে। অন্যদিকে বাংলায় জলশক্তি মন্ত্রকের অধীনে জল জীবন মিশন প্রকল্প চালু হতে চলেছে। ইতিমধ্যে জলশক্তি মন্ত্রক বাংলার জন্য ৩৯ হাজার কোটি টাকা বরাদ্দ করেছিল।