প্রীতি পোদ্দার, কলকাতা: বাংলায় গেরুয়া ঝড় উঠতেই ফের খবরের শিরোনামে উঠে এল আরজি কর কাণ্ড (RG Kar Case)। এবার ED-কে সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর ছাড়পত্র দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ক্ষমতায় আসার আগেই বিজেপির তরফে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে, বিজেপি সরকার ক্ষমতায় এলে, আরজি কর কাণ্ডের পুনরায় তদন্ত হবে। আর এবার সেই প্রতিশ্রুতিই রাখতে চলেছে সরকার।
ফেসবুক পোস্ট মুখ্যমন্ত্রীর
গতকাল, সোমবার রাতে ফেসবুকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লিখেছেন, “মুখ্যমন্ত্রী হিসেবে একটি মহতী পদক্ষেপ গ্রহণ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করছি। গত ৯ আগস্ট ২০২৪-এ আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ‘অভয়ার’ নৃশংস খুন ও ধর্ষণের ঘটনায় তৎকালীন আরজি কর মেডিক্যালের সুপার, কুখ্যাত সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদ্ধতি অনুযায়ী, ED-কে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দোষী সাব্যস্ত করার অনুমতি প্রদান করা হল।”
মূল অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি শুভেন্দুর
ফেসবুক পোস্টে মুখ্যমন্ত্রী, তৃণমূল সরকারকে নিশানা করে জানিয়েছিলেন যে, “বিগত তৃণমূল কংগ্রেস সরকার জোরপূর্বক ও অনৈতিকভাবে এই মামলার তদন্তপ্রক্রিয়া দীর্ঘদিন আটকে রেখেছিল। কিন্তু আমরা বিশ্বাস করি আইনের ঊর্ধ্বে কেউ নয়। সত্যকে কখনোই চাপা দিয়ে রাখা যায় না। আমি চাই, ‘অভয়ার’ প্রকৃত দোষীরা দ্রুত চিহ্নিত হোক, কঠোরতম শাস্তি পাক। বাংলার মানুষ ন্যায়বিচার প্রত্যক্ষ করুক। বোন অভয়ার আত্মার চিরশান্তি কামনা করি।” এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তুমুল শোরগোল দেখা গেল রাজনৈতিক মহলে।
তদন্ত করার ছাড়পত্র দিলেন শুভেন্দু
আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের মামলায় তদন্তের সূত্র ধরেই প্রকাশ্যে উঠে এসেছিল হাসপাতালের আর্থিক দুর্নীতির অভিযোগও। সেইসময় ইডি তদন্তে জানতে পেরেছিল যে, সন্দীপ ঘোষের সময়কালে বিভিন্ন টেন্ডার দুর্নীতির অভিযোগ রয়েছে। পাশাপাশি হাসপাতালের ভিতরে বেআইনি পার্কিং, নিয়ম বহির্ভূতভাবে বিভিন্ন যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে আসে। কিন্তু সেই অভিযোগের তদন্ত ঠিক মতো হয়নি বলে দাবি। এমনকী, তদন্তের জন্য ইডিকেও অনুমতি দেয়নি মমতার সরকার। অবশেষে শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় এজেন্সিকে সেই তদন্ত করার ছাড়পত্র দিলেন।
আরও পড়ুন: ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত হল?
প্রসঙ্গত, বিজেপি ক্ষমতায় আসতেই আরজি কর কাণ্ড নিয়ে ইতিমধ্যেই একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে শুভেন্দু সরকার। কিছুদিন আগে এই তদন্তের সঙ্গে জড়িত IPS বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তকে সাসপেন্ড করা হয়েছে। খতিয়ে দেখা হবে এই তিন IPS-এর কল রেকর্ড, হোয়াটস অ্যাপ। এমনকি আরজি কর কাণ্ডে পুলিশের স্ক্যানারে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাও। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন যে, “কোনও মন্ত্রী, মুখ্যমন্ত্রী সেই সময় সাসপেন্ডেড পুলিশ অফিসারদের কোনও নির্দেশ দিয়েছিল কিনা, এগুলো আমরা সব বের করব।”










