প্রীতি পোদ্দার, কলকাতা: পরিবর্তনের বাংলায় এবার নয়া চমক, দুর্গাপুজোর থিম বানানো হবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) ঘিরে, ব্যাপক চমক নিয়ে আসছে অখিল ভারত হিন্দু মহাসভা। হাতে বাকি আর মাত্র ৫২ দিন, তারপরেই বঙ্গ জুড়ে শুরু হতে চলেছে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো (Durga Puja 2026)। ইতিমধ্যে পুজো প্রস্তুতি নিয়ে জেলায় জেলায় শুরু হয়েছে থিম ভাবনা, একেকটা ক্লাবকে টেক্কা দিতে নানা পরিকল্পনা চলছে, এমতাবস্থায় এক অনামী পুজো কমিটি বিশাল চমক দিতে এবার থিম (Durga Puja Theme) হিসেবে বেছে নিলেন মুখ্যমন্ত্রীকে।
থিমের জাদুতে থাকছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী!
প্রতি বছর কলকাতার পুজোগুলিতে থিম নিয়ে নানা চমক থাকে। সে ছোটো পুজো হোক কি বড় পুজো, কোনও উদ্যোক্তা মণ্ডপসজ্জায় কোনো খামতি রাখে না। দর্শকদের আকর্ষণ বাড়াতে থিমে অভিনবত্বের ছোঁয়া আনতে চান তারা। সেক্ষেত্রে যে শুধু বড় বাজেটের পুজো এগিয়ে থাকে তা নয়, ছোট বাজেটের পুজোও বেশ চমক দেয়। এবারেও তাই হতে চলেছে, এক অনামী পুজো কমিটি দর্শকদের আকর্ষণ বাড়াতে তাদের পুজোর থিম হিসেবে নিয়ে আসতে চলেছে খোদ মুখ্যমন্ত্রীকে। সেখানে নন্দীগ্রাম থেকে নবান্ন শুভেন্দু অধিকারীর গোটা রাজনৈতিক জীবন তুলে ধরা হবে।
তৈরি হবে মুখ্যমন্ত্রীর ক্ষুদ্রতম মূর্তি
জানা গিয়েছে, রুবি মোড়ে অখিল ভারত হিন্দু মহাসভার তরফে প্রতিবছর দুর্গাপুজোর আয়োজন করা হয়। জাঁকজমক ভাবে না হলেও, সনাতন রীতিনীতি মেনে এখানে পুজো করা হয়। কিন্তু এবার ভিন্ন চিত্র দেখা যাবে সেখানে। যেহেতু রাজ্যে প্রথমবার বিজেপি সরকার ক্ষমতায় এসেছে সেই উপলক্ষে পুজোর থিম হিসেবে রাখা হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। নন্দীগ্রামের সেই দামাল ছেলের দীর্ঘ রাজনৈতিক জীবনযাত্রা তুলে ধরা হবে। শুধু তাই নয়, সবচেয়ে বড় চমক মুখ্যমন্ত্রীর ক্ষুদ্রতম মূর্তি বানানো হবে সেখানে। ইতিমধ্যেই রুবি মোড়ের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে শুভেন্দুকে নিয়ে আঁকা পটচিত্র, ফ্লেক্স।
আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনা না পেয়ে ব্লক অভিস ভাঙচুর, মারধর! গ্রেফতার ২ মহিলা সহ ৩
পুজোয় মুখ্যমন্ত্রী থিম প্রসঙ্গে ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী জানিয়েছেন, ‘‘আমাদের পুজোর মূল থিম এবার ‘নন্দীগ্রাম থেকে নবান্ন/বুবাইয়ের জয়যাত্রা’। আপনারা জানেন, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর ডাক নাম বুবাই। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, সংগ্রাম, সাফল্য সবকিছু থাকবে আমাদের এবারের পুজোয়। এছাড়া মুগডাল বা অন্য কিছুর উপর তাঁর ক্ষুদ্রতম একটা মূর্তি তৈরি করব আমরা। এছাড়াও মুখ্যমন্ত্রীকে নিয়ে একটা তথ্যচিত্র বানাব, যেটা মণ্ডপে সারাক্ষণ চলবে।” এখন দেখার সেই পরিকল্পনা কতটা বাস্তবায়িত হয় এবং দর্শকদের কাছে কতটা গ্রহণযোগ্য হয়।










