বিক্রম ব্যানার্জী, কলকাতা: তৃণমূল (Trinamool Congress) জামানায় লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা নিয়েছেন বহু ভুয়ো নাগরিক। বাংলাদেশের বাসিন্দা অথচ রাজ্যে বসে মাসে মাসে লক্ষ্মীর ভান্ডারের অনুদান পকেটে ঢুকেছে, এমন উদাহরণও কম নেই। বিশেষ করে রাজ্যে পালাবদল হতেই ভুয়ো লক্ষ্মীদের হাটে হাড়ি ভেঙেছে। এমনকি পুরুষ হয়েও লক্ষীর ভান্ডার পেয়েছেন এমন ব্যক্তিদের সংখ্যাও নেহাত কম নয়। তাই অন্নপূর্ণা যোজনায় (Annapurna Bhandar) যাতে এই ধরনের কোনও অসঙ্গতি না থাকে সেটা নিশ্চিত করতেই প্রথম থেকে বদ্ধপরিকর শুভেন্দু অধিকারীর সরকার। এবার মুর্শিদাবাদ সফরে গিয়ে সে কথাই নতুন করে স্মরণ করালেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি জানিয়ে দিলেন, অন্নপূর্ণা যোজনার ভুয়ো সুবিধাভোগী ধরা পড়লেই কড়া শাস্তি পেতে হবে।
অন্নপূর্ণা যোজনা নিয়ে কড়া মুখ্যমন্ত্রী
শুক্রবার, মুর্শিদাবাদ সফরে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে পৌঁছানোর পরই বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানালেন, লক্ষীর ভান্ডার থেকে শুরু করে সংখ্যালঘু স্কলারশিপ সহ অন্যান্য বেশ কিছু প্রকল্পে ভেরিফিকেশন করতে গিয়ে দেখা গিয়েছে এখানে বহু ভুয়ো ব্যক্তি সরকারি প্রকল্পের সুবিধা নিয়েছে। অন্তত 600টি ভুয়ো ঘটনা ধরা পড়েছে। এই জেলায় বিভিন্ন সরকারি প্রকল্পের অধিকাংশই জাল।
এদিন মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনায় এই ধরনের ঘটনা ঘটলে কী হতে পারে সেটা স্মরণ করাতে গিয়ে বললেন, “আমাদের দুটো মাস সময় দিন সমস্তটা ভেরিফিকেশন হবে। যাঁরা যাঁরা ভুয়ো সুবিধাভোগী হিসেবে চিহ্নিত হবেন তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেবে সরকার।” একই সাথে এদিন মুর্শিদাবাদ সফরে গিয়ে বহরমপুরে সংক্ষিপ্ত প্রশাসনিক বৈঠক সারেন মুখ্যমন্ত্রী। তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূর্বতন সরকারের আমলে হওয়া একের পর এক দুর্নীতি নিয়ে মুখ খোলেন শুভেন্দু অধিকারী। তবে অন্নপূর্ণা যোজনায় এই ধরনের দুর্নীতি বা বেনিয়ম যাতে না হয় সেদিকে নজর রয়েছে সরকারের, এমনটাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
অবশ্যই পড়ুন: হল চুক্তি, এবার ডার্বিতে ইস্টবেঙ্গলকে হারানোর হুঙ্কার মোহনবাগানের মিগুয়েলের
প্রসঙ্গত, নির্বাচনের আগে বিজেপির তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ক্ষমতায় এলে রাজ্যের মহিলাদের অন্নপূর্ণা যোজনার আওতায় মাসে 3000 টাকা করে দেওয়া হবে। সেই মতোই প্রতিশ্রুতি পূরণ করেছে শুভেন্দু অধিকারীর সরকার। গত পহেলা জুলাই থেকেই মোট 12 লাখ মহিলা ইতিমধ্যেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়ে গিয়েছেন। বাকি 15 লাখ মহিলাও আগামী দু মাসের মধ্যেই সরকারি প্রকল্প থেকে নির্দিষ্ট অর্থ পেয়ে যাবেন বলেই আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী।










