“৩১ আগস্টের পর….” অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published:

Annapurna Yojana

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের বহু মহিলা এখনও অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) এক টাকাও পাননি। এমনকি সেই অভিযোগে সরকারি অফিস ঘেরাও করে বিক্ষোভ পর্যন্ত দেখাচ্ছেন তাঁরা। এবার সেই সমস্ত মহিলাদের ফের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আসলে অন্নপূর্ণা পাওয়ার যোগ্য নন, এমন বহু মহিলা সুবিধা পাচ্ছেন বলে সরকারি পোর্টালে অভিযোগ জমা পড়ছে। পাশাপাশি যোগ্য হওয়া সত্ত্বেও অনেক মহিলা এই প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন, এমনও অভিযোগ উঠছে। তা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর।

অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দু অধিকারীর

রাজ্য সরকারের সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে এখন মহিলাদের জন্য একটি নতুন অপশন যুক্ত করা হয়েছে। যদি আপনার মনে হয় যে কেউ যোগ্য না হয়েও অন্নপূর্ণার সুবিধা পাচ্ছেন, তাহলে সরাসরি সেই মহিলার বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন। এছাড়া কেউ যোগ্য হয়ে সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, এমন অভিযোগও জানানো যাবে। এ প্রসঙ্গে সম্প্রতি মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, “আমরা অন্নপূর্ণা নিয়ে একটি পোর্টাল চালু করেছি। এখনও অবধি সাড়ে ৪ লক্ষ অভিযোগ এসেছে সেখানে। আমি ধন্যবাদ জানাব, ইনক্লুশনের আবেদন আছে, আবার এক্সক্লুশনের জন্যও লোক অভিযোগ করেছে।”

এমনকি তিনি আরও জানিয়েছিলেন, “৩১ আগস্টের পর স্টাডি করে বলে দেব। আমরা যে অভিযোগ পোর্টালটি চালু করেছিলাম, ২১ তারিখ থেকে তাতে সাড়ে ৪ লক্ষ মা-বোন-দিদি অভিযোগ করেছিলেন। সবাই কিন্তু ইনক্লুশনের জন্য আবেদন করেনি। এর মধ্যে একটা বড় সংখ্যক মহিলারা আমাদের দফতরে বলছেন যে তিনি আপনাদের ঘোষিত নিয়মে পাওয়ার যোগ্য নন। কিন্তু উনি পাচ্ছেন।” শুভেন্দুর আরও সংযোজন, “এখনও পর্যন্ত ট্রান্সফার হয়ে গিয়েছে ১ কোটি ৪৫ লক্ষ ৬৪ হাজার ৪৭২ জনের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার। এর মধ্যে মুসলিম সুবিধাভোগী রয়েছে ১৯ লক্ষ ২০ হাজার।”

আরও পড়ুন: মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে অনেকটাই পতন সোনা, রুপোর বাজারদর! আজকের রেট

উল্লেখ্য, চলতি মাসের ১৯ তারিখে অন্নপূর্ণা যোজনার পোর্টাল খোলার পর বহু মহিলার আবেদনের স্ট্যাটাস ‘আন্ডার প্রসেস’ বা ‘ফার্দার ভেরিফিকেশন’ দেখাচ্ছে।। এমনকি তা নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে আন্দোলন এবং বিক্ষোভের মতো ঘটনাও ঘটছে। কিন্তু মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, প্রত্যেক মহিলার তথ্য পুনরায় ভেরিফিকেশন করে তিনি যোগ্য প্রমাণিত হলে তাঁর অ্যাকাউন্টে ৩১ আগস্টের মধ্যেই অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাঠানো হবে। তবে এর জন্য নিকটবর্তী বিডিও অফিস বা পৌরসভায় যোগাযোগ করতে হবে।