গ্রেফতার ২০, “প্রতিশ্রুতি রক্ষা করব” তামান্নার খুনিদের নাম প্রকাশ করে বার্তা মুখ্যমন্ত্রীর

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নির্দেশের পরই তামান্না খাতুন খুনের মামলায় একে একে গ্রেফতার হচ্ছেন অভিযুক্তরা। রাজ্যে পালাবদলের পর শপথ নিয়েই মুখ্যমন্ত্রী বলেছিলেন, আরজি কর থেকে শুরু করে তামান্না খুনের ঘটনা, সমস্ত ফাইল খোলা হবে। সেই মতোই প্রতিশ্রুতি রক্ষা করেছেন শুভেন্দু। এর আগে মুখ্যমন্ত্রীর নির্দেশে 6 জনকে গ্রেফতার করেছিল পুলিশ। এরপর বৃহস্পতিবার রাতে আরও দুজন গ্রেফতার হন। এরপর ধাপে ধাপে একাধিক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সেই ঘটনায় এবার পুলিশ প্রশাসনকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী।

দ্রুত পদক্ষেপ নেওয়ায় প্রশাসনের প্রশংসা মুখ্যমন্ত্রীর

গতকাল অর্থাৎ শুক্রবার তামান্না খুনের ঘটনায় মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রেফতার হন আরও কয়েকজন অভিযুক্ত। সম্প্রতি এ নিয়ে মোট 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আগে গ্রেফতার হয়েছিলেন 11 জন। সর্বসাকুল্যে তামান্না খুনের ঘটনায় 20 জনকে আটক করেছে পুলিশ। বাকি রয়েছেন আর চারজন। তারাও খুব শীঘ্রই ধরা পড়বেন বলেই আশ্বাস প্রশাসনের। এরই মাঝে নির্দেশের পর তড়িঘড়ি পদক্ষেপ নেওয়ায় পুলিশ প্রশাসনের প্রশংসায় পঞ্চমুখ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শনিবার নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখলেন, “তামান্নার জন্য ন্যায়বিচার আমাদের অগ্রাধিকার এবং আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করব। এই মামলায় কৃষ্ণনগর জেলা পুলিশের দ্রুত এবং আইনসম্মত পদক্ষেপের জন্য আমি তাঁদের প্রশংসা করছি এবং সন্তোষ প্রকাশ করছি। তামান্নার মায়ের সাথে আমার দেখা হওয়ার পর দোষীরা যাতে আইনের আওতায় আসে সেজন্য পুলিশ সব রকম পদক্ষেপ নিয়েছে।”

অবশ্যই পড়ুন: বয়স ১৯৪! বিশ্বের সবচেয়ে বয়স্ক কচ্ছপ জোনাথনের সাথে দেখা করবেন প্রধানমন্ত্রী মোদী

এদিন মুখ্যমন্ত্রী আরও বললেন, “আমি পশ্চিমবঙ্গের জনগণকে জানাতে পেরে আনন্দিত যে, FIR এ নাম থাকা প্রায় সকল অভিযুক্ত ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে। গত কয়েকদিনে আমাদের বাহিনী সীমান্ত পেরিয়ে গুরগাঁও এবং নাগপুরের মতো জায়গায় অভিযান চালিয়ে 12 জনকে গ্রেফতার করেছে।” এদিন নিজের পোস্টে ধৃতদের নাম উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, জিয়ারুল সেখ, সাবির সেখ,  ফকর সেখ, ইসমাইল সেখ, হাফিজুল সেখ, মিনারুল সেখ, আনিসুর সেখ, মিলন সেখ, রাজাবুল সেখ, জাকাত,  সাহিবুল সেখ, আমিরুল সেখ এবং রাকিবুল সেখের গ্রেফতারি সমাজে স্পষ্ট বার্তা দেয়।”

সবশেষে মুখ্যমন্ত্রী লেখেন, “আগের সরকার অপরাধীদের রাজনৈতিক রঙ দেখে তবেই চিহ্নিত করতো। অপরাধীরা শাসক দলে যুক্ত থাকলে তাঁদের গায়ে স্পর্শ করতে পারত না পুলিশ! আমাদের সরকার একেবারে অন্যভাবে কাজ করবে। একজন অপরাধীও বিচারের বাইরে থাকবে না! মনে রাখতে হবে, বাংলায় এখন আইনের শাসন প্রতিষ্ঠিত।”