প্রীতি পোদ্দার, কলকাতা: বিজেপি সরকার আসতেই রাজ্যে একের পর এক চমক আসছে। আর এবার বদলের বাংলায় নির্বিঘ্নে পালন করা হল নবী দিবস (Milad Un Nabi West Bengal)। কিন্তু কয়েকটি জায়গায় এই উৎসব সুন্দরভাবে পালন করা হলেও বেশ কয়েকটি জায়গায় উড়ল প্যালেস্তাইনের পতাকা (Palestine Flag)। আর সেই নিয়ে সোশাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে এই ঘটনার তীব্র বিরোধিতা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর সাফ বার্তা, জাতীয় মর্যাদার সঙ্গে কোনওভাবেই আপস করা যাবে না।
কী জানালেন মুখ্যমন্ত্রী?
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ বুধবার, এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লিখেছিলেন যে, “পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেক সম্প্রদায়ের ধর্মবিশ্বাস, মতপ্রকাশ এবং সাংস্কৃতিক আচার-অনুষ্ঠান পালনের স্বাধীনতা রক্ষায় দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। মিলাদ-উন-নবী উপলক্ষে রাজ্যজুড়ে ধর্মীয় পতাকার পাশাপাশি আমাদের গর্বের জাতীয় পতাকা পূর্ণ স্বাধীনতা ও যথাযথ সম্মানের সঙ্গে বহন করা হয়েছে। একইসঙ্গে, সামাজিক সম্প্রীতি বিঘ্নিত করলে বা পবিত্র ধর্মীয় অনুষ্ঠানকে বাইরের রাজনৈতিক প্রচারের জন্য অপব্যবহার করলে আমাদের প্রশাসন জিরো টলারেন্স নীতি বজায় রাখে। সেক্ষেত্রে তাই অননুমোদিত বিদেশি পতাকা বাজেয়াপ্ত করে, FIR দায়ের করে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি প্রক্রিয়া শুরু করার জন্য ইসলামপুর জেলা পুলিশ যে দ্রুত পদক্ষেপ নিয়েছে, তার জন্য আমি তাদের প্রশংসা করি।”
West Bengal Government stands firmly committed to safeguarding the freedom of faith, expression and cultural observances for every community.
Religious flags and the pride of our Nation; the Indian Tricolour were carried with full freedom & respect throughout the State on the… pic.twitter.com/VosawePxlp— Suvendu Adhikari (@SuvenduWB) August 26, 2026
পূর্বতন সরকারকে তুষ্টির রাজনীতি নিয়ে খোঁচা
শুভেন্দু অধিকারী আরও জানিয়েছেন যে, “সমগ্র রাজ্যে মাত্র দু’টি পতাকা বাজেয়াপ্ত করা হয়েছে। মনে রাখবেন, ধর্মীয় অনুষ্ঠান হল বিশ্বাস ও ভ্রাতৃত্ববোধের বিষয়, এগুলি কোনো বিদেশি ভূ-রাজনৈতিক স্বার্থ বা বিভাজনমূলক প্রচারের বিষয় নয়- যা পূর্ববর্তী সরকারের তুষ্টির রাজনীতির কারণে নিয়মিতভাবে প্রশ্রয় পেত। কিন্তু নতুন সরকার আসতেই এখন সেই অধ্যায় সমাপ্ত। বিজেপি সরকার পশ্চিমবঙ্গ জুড়ে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার পাশাপাশি বাংলার প্রতিটি নাগরিকের শান্তিপূর্ণভাবে মিছিল ও উৎসব পালনের অধিকার রক্ষা করে যাবে।”
আরও পড়ুন: বিলাসবহুল এসি স্লিপার বাসে বর্ধমান থেকে দিঘা, দেখে নিন সময়সূচি ও রুট
রাজ্যজুড়ে শোভাযাত্রা চলাকালীন সুষ্ঠুভাবে ভিড় সামলানো এবং সম্পূর্ণ শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করার জন্য রাজ্য ও কলকাতা পুলিশের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, “পশ্চিমবঙ্গের প্রতি নাগরিকের স্বার্থ ও সুরক্ষার কথা মাথায় রেখে পুলিশ প্রশাসনের একাধিক পদক্ষেপের জন্য আমি পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, জেলা প্রশাসন এবং মাঠপর্যায়ে কর্মরত সকল কর্মীকে সাধুবাদ জানাই।”










