হাওড়া থেকে এক ট্রেনেই পুরুলিয়া, তারকেশ্বর-বিষ্ণুপুর রেল প্রকল্পে বড় আপডেট

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিষ্ণুপুর-গোঘাট রেল প্রকল্প (Tarakeswar-Bishnupur Rail Project) নিয়ে পুজোর আগেই মিলল সুখবর। আগেই জানা গিয়েছিল, হাওড়া ডিভিশনের বিষ্ণুপুর-গোঘাট রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার স্বার্থে ভাবাদিঘির উপর তৈরি হচ্ছে রেল ব্রিজ। সেই সূত্রেই ভেঙে ফেলা হয় ভাবাদিঘি প্রাথমিক বিদ্যালয়। যা নিয়ে বিতর্ক তৈরি হলেও বর্তমানে স্কুল ভেঙে সেখানে রেল ব্রিজ তৈরির কাজ কার্যত শেষের পথে! বিষ্ণুপুর-গোঘাট বা তারকেশ্বর বিষ্ণুপুর রেল (Indian Railways) প্রকল্পের হাত ধরে হাওড়া থেকে সরাসরি বিষ্ণুপুর পর্যন্ত ছুটবে ট্রেন। আর এই রুটে জুড়ে যাবে গোঘাট, কামারপুকুর এবং জয়রামবাটির মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলিও।

বিষ্ণুপুর-গোঘাট রেল প্রকল্প নিয়ে বড় খবর

মূলত তারকেশ্বর এবং বিষ্ণুপুরের যাত্রীদের দীর্ঘদিনের দাবি ছিল হাওড়া থেকে সরাসরি বিষ্ণুপুর পর্যন্ত রেল পরিকাঠামো গড়ে তোলার। যাতে এক ট্রেনেই হাওড়া থেকে গোঘাট, কামারপুকুর এবং জয়রামবাটি হয়ে বিষ্ণুপুর পর্যন্ত পৌঁছতে পারেন তাঁরা। সেই দাবিকে মান্যতা দিয়েই প্রকল্পের কাজ শুরু করে ভারতীয় রেল। হাওড়া ডিভিশনের এই অংশে বিষ্ণুপুর পর্যন্ত রেল যোগাযোগ ব্যবস্থা তৈরি করতে প্রাথমিকভাবে বেশ কিছু বাধার সম্মুখীন হতে হয়েছিল রেলকে। তবে পরবর্তীতে তা কাটিয়ে উঠে বর্তমানে জোর কদমে চলছে রেল প্রকল্পের কাজ।

রেল সূত্রে খবর, তারকেশ্বর-বিষ্ণুপুর প্রকল্পের অধীনে ভাবদিঘির উপর রেল ব্রিজ তৈরি হয়ে গেলেই কামারপুকুর পর্যন্ত জুড়ে যাবে রেলপথ। বর্তমানে সেই লক্ষ্যেই জোর কদমে চলছে কাজ। আপাতত যা খবর, কর্মীদের নিরলস প্রচেষ্টা এবং দীর্ঘ কাহিক পরিশ্রমের ফলে ভাবাদিঘি প্রকল্পের কাজ একপ্রকার শেষের পথে। সব ঠিকঠাক থাকলে চলতি বছরেই এই অংশে ট্রেন পরিষেবা শুরু হয়ে যেতে পারে।

 

আরও পড়ুন: ‘আমরাই আসল তৃণমূল’, মমতা ঋতব্রত দ্বন্দ্বের মাঝে বড় দাবি নেতার

রেলের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ভাবদিঘির পূর্ব এবং পশ্চিম দুপাশের লাইন প্রায় তৈরি হয়ে গিয়েছে। এবার ধাপে ধাপে রেল ব্রিজ তৈরি করে তার উপর ট্র্যাক বসিয়ে সিগন্যালিং ব্যবস্থা সহ যাবতীয় পরীক্ষা শেষ করে রেল বোর্ডের তরফে ছাড়পত্র পাওয়া গেলেই ওই লাইনে চালু হয়ে যাবে ট্রেন পরিষেবা। রেলের আশা, এই প্রকল্পের কাজ শেষ করে ট্রেন পরিষেবা শুরু হয়ে গেলে হাওড়া থেকে সরাসরি ট্রেনে করে তারকেশ্বর হয়ে বিষ্ণুপুর পৌঁছতে পারবেন যাত্রীরা। শুধু তাই নয়, গোঘাট-বিষ্ণুপুর রেল প্রকল্পের কাজ শেষ হলে গোঘাট থেকেই সরাসরি পৌঁছে যাওয়া যাবে, কামারপুকুর, জয়রামবাটি, বড় গোপীনাথপুর, বিষ্ণুপুর এমনকি বাঁকুড়াতেও।