স্কুলে ‘বন্দে মাতরম’ নিয়ে নতুন জট! কাটছাঁটের আর্জি শিক্ষকদের

Published:

Vande Mataram

প্রীতি পোদ্দার, কলকাতা: ক্ষমতার রদবদল হতেই প্রার্থনা সঙ্গীত (School Prayer) নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। রাজ্যের সকল সরকারি স্কুলগুলিতে ক্লাস শুরু হওয়ার আগে প্রার্থনা সঙ্গীত হিসেবে ‘বন্দে মাতরম’ (Vande Mataram) গাইতে হবে বলে সরাসরি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ইতিমধ্যেই তা জারিও হয়ে গিয়েছে। কিন্তু এসবের মাঝেও শিক্ষকদের একাংশের প্রশ্ন, স্কুলে প্রার্থনার জন্য যেটুকু সময় বরাদ্দ, তাতে বন্দে মাতরমের সব ক’টি স্তবক গাওয়া কি সম্ভব?

প্রার্থনায় বন্দে মাতরমের দু’টি স্তবকের আর্জি

এইমুহুর্তে সরকারি স্কুলের প্রার্থনার সময়ে বন্দে মাতরমের পাশাপাশি জাতীয় সঙ্গীত এবং স্কুলের নিজস্ব প্রার্থনা সঙ্গীতও গাওয়া হয়। এমনকি, তৃণমূল আমলে রাজ্য সঙ্গীত হিসাবে যোগ করা হয়েছে ‘বাংলার মাটি, বাংলার জল’। সব মিলিয়ে মোট ৪ টি গান গাওয়া হয়, এদিকে স্কুলে প্রার্থনার সময় ১০ মিনিট। ওই সময়ের মধ্যে এতগুলি গান গাওয়া কতটা বাস্তবসম্মত, সেই প্রশ্নও তুলেছেন অনেকে। তাই শিক্ষকদের একাংশের অনুরোধ, প্রার্থনার নির্দিষ্ট সময়ের মধ্যে বন্দে মাতরমের প্রথম দু’টি স্তবক গাওয়ার নির্দেশিকা জারি করা হোক।

কেন এই আবেদন?

নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক শিক্ষকের কথায়, ‘‘বন্দে মাতরম পুরোটা গাইতে সময় লাগে তিন মিনিট দশ সেকেন্ড। জাতীয় সংগীত গাওয়ার সময়সীমা ৫২ সেকেন্ড। অর্থাৎ, এই দু’টি গান গাইতেই সময় লেগে যায় চার মিনিট দু’সেকেন্ড। দু’টি গানের মাঝে কিছুটা সময় যায়। এর পরে যদি স্কুলের নিজস্ব প্রার্থনা সঙ্গীত গাইতে হয়, তা হলে কি যথেষ্ট সময় পাওয়া যাবে?’’ জানা গিয়েছে, মধ্যশিক্ষা পর্ষদের অধীনস্থ সমস্ত স্কুলে প্রার্থনা শুরু হয় সকাল ১০টা ৪০ মিনিটে। স্কুলের নিজস্ব মাঠে বা স্থানাভাবের কারণে অনেক ক্ষেত্রে ক্লাসঘরেও প্রার্থনা হয়। সেখানে জড়ো হওয়া এবং সকলের ক্লাসে ফেরার প্রক্রিয়ায় মিনিট পাঁচেক লেগেই যায়। তার উপর ৪টি গান। তাতেই হচ্ছে সমস্যা।

আরও পড়ুন: সপ্তম বেতন পে কমিশনে ৯% অবধি DA বাড়াল রাজ্য সরকার

‘কলেজিয়াম অব অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসেস’-এর সম্পাদক সৌদীপ্ত দাস বললেন, ‘‘স্কুলের প্রার্থনার সময়ের কথা চিন্তা করে বন্দে মাতরমের প্রথম দু’টি স্তবক বরং গাওয়া হোক। স্কুলে বিশেষ অনুষ্ঠানে না-হয় বন্দে মাতরমের ছ’টি স্তবক গাওয়া যেতে পারে।’’ যদিও এই বিষয়ে এখনও কোনো মতামত জানানো হয়নি। আপাতত বিকাশ ভবন সূত্রে জানা গিয়েছে, এখন সব স্কুলে গরমের ছুটি পরে গিয়েছে, স্কুল খোলার পরে পরবর্তী নির্দেশ কিছু এলে সেই মতো সিদ্ধান্ত নেওয়া হবে।