২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের টোল আদায় বন্ধ ইশ্বর গুপ্ত সেতুতে

Published:

iswar gupta setu

সহেলি মিত্র, কলকাতাঃ আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ইশ্বর গুপ্ত সেতু (Iswar Gupta Setu)। ফের সেখানে বন্ধ হয়ে গেল টোল আদায় (Toll Tax)। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। দীর্ঘ ৩ মাস বন্ধ থাকার পর ২১ সেপ্টেম্বর থেকে নতুন করে ইশ্বর গুপ্ত সেতুতে টোল আদায় শুরু হয়েছিল। এমনকি এক ধাক্কায় সেই চার্জ ১০ টাকা থেকে বেড়ে ১৫ টাকা অবধি করা হয়। তবে ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের বন্ধ হয়ে গেল টোল। কেন?

ইশ্বর গুপ্ত সেতুতে ফের বন্ধ টোল আদায়

নদীয়ার কল্যাণী ও হুগলীর বাঁশবেড়িয়া সংযোগকারী এই সেতু নিয়ে দীর্ঘ টানাপোড়েনের শেষ নেই। এমনিতেই এই সেতুর ওপর দিয়ে ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগের তৃণমূল সরকারের আমলে এই ব্রিজে টোল আদায় করা হত। তবে নতুন বিজেপি সরকার আসার পর অবৈধ ও অনুমোদনহীন টোল ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়। গাড়ি চালকদের কাছ থেকে অভিযোগ পেয়ে সপ্তগ্রামের বিধায়ক স্বরাজ ঘোষ টোল বন্ধের নির্দেশ দেন।

আরও পড়ুনঃ নিম্নচাপের জেরে হাই অ্যালার্ট জারি! ৬ জেলায় বন্ধ স্কুল, ছুটি বাতিল সরকারি কর্মকর্তাদের

যেহেতু ব্রিজের ওপর অবস্থা শোচনীয়, তাই এই সেতুর ওপর দিয়ে বর্তমানে ভারী যান চলাচল বন্ধ রয়েছে। শুধুমাত্র চার চাকা, দুই চাকা বা ছোট গাড়িগুলিই এটার ওপর দিয়ে এখন চলাচল করছে। এই ছোট গাড়িগুলি থেকেও টোল নেওয়া হত যা সকলের কাছে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। টোল বন্ধের সরকারি নির্দেশ নিয়েও যথেষ্ট ধোঁয়াশা ছিল সকলের মধ্যে। টোল অনেকে না দেওয়ায় টোল আদায় বন্ধ করে দেওয়া হয়।

খুশি সাধারণ মানুষ

এরপর সোমবার ফের দীর্ঘ ৩ মাস পর টোল আদায় শুরু হয়। চার্জের ক্ষেত্রেও অনেকটাই হেরফের দেখা যায়। যাইহোক, টোল আদায় শুরু হওয়ায় হাঁফ ছেড়ে বেঁচেছিলেন টোল কর্মীরা। তবে ফের বন্ধ হয়ে যাওয়ায় টোল কর্মীরা চিন্তিত। এদিকে টোল আদায় ফের বন্ধ হওয়ায় খুশি সাধারণ গাড়ি চালকরা। তাঁদের বক্তব্য, এভাবে টোল আদায় তাঁদের কাছে অতিরিক্ত আর্থিক বোঝা ছাড়া আর কিছুই না। এই প্রসঙ্গে এক PWD কর্মী জানান, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে টোল আদায় ফের চালু হয়েছিল। আবার সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে বলেছে টোল আদায় বন্ধ রাখতে।’