বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে ক্ষমতার হাত বদল হতেই নির্দিষ্ট নোটিস দেওয়ার পরই রাজ্যের নানা প্রান্তের স্টেশনগুলিতে অবৈধ হকার উচ্ছেদ চালাচ্ছে রেল (Indian Railways)। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে রেলের সম্পত্তিতে তৈরি অবৈধ সব নির্মাণ। যা নিয়ে সাধারণ মানুষের একাংশের বক্তব্য, “রেলের একটু মানবিক হওয়া প্রয়োজন।” কেউ কেউ আবার বলছেন, “রেলের সম্পত্তি বুঝে নিচ্ছে রেল। অবৈধ নির্মাণ ভেঙে ফেলা ভুল কিছু নয়।” এমন নানান মন্তব্যের মাঝেই এবার শিয়ালদহ ডিভিশনের স্টেশনগুলি নিয়ে বিশেষ পরিকল্পনা রেলের। জানা গিয়েছে, উচ্ছেদ হওয়া প্রত্যেকটি স্টেশনে ভ্রাম্যমান স্টল বসাবে ভারতীয় রেলওয়ে।
স্টেশনে বসবে রেডি টু মুভ স্টল
রেল সূত্রে খবর, শিয়ালদহ ডিভিশনের একাধিক স্টেশনে ঢোকার মুখে চুক্তির ভিত্তিতে স্টল বসানোর অনুমতি দিতে চলেছে রেল। জানা গিয়েছে, প্রথমত এই স্টলগুলি হবে রেডি টু মুভ। অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া সম্ভব। শুধু তাই নয়, এই প্রত্যেকটি স্টল হবে দোতলা। যার উপরের স্টলে বসে খাওয়ার ব্যবস্থা এবং নিচের স্টলে খাবার কিনে নিয়ে যাওয়ার ব্যবস্থা থাকবে।
এও জানা যাচ্ছে, দোতলা স্টলগুলির নকশার অনুমোদন দিয়ে দিয়েছে ভারতীয় রেল। রাজ্যের নানান প্রান্তে স্টেশনে স্টেশনে হকার উচ্ছেদের সময় অনেকেই বলেছিলেন, সাধারণ দোকানগুলি তুলে দেওয়ার পর যাত্রীদের রেলের স্টল থেকে 10 টাকার জিনিস 30 টাকা দিয়ে কিনে খেতে হবে। সেটা যাতে না হয় সেদিকেই নজর রয়েছে রেল। রেল কর্তারা বলছেন, রেলের অনুমোদিত স্টলগুলি থেকে সাধারণ মানুষ যাতে খাবার কিনে খেতে পারেন অর্থাৎ প্রত্যেকের নাগালের মধ্যে যাতে খাবারের দাম হয় সেদিকেই নজর রয়েছে ভারতীয় রেলের।
অবশ্যই পড়ুন: রেল থেকে উন্নত স্কুল, কলেজ, দমকল! আমূল বদলে যেতে চলেছে নন্দীগ্রাম
প্রসঙ্গত, রেল আধিকারিকদের অনেকেই মনে করছেন, রেলের এমন সিদ্ধান্তে স্টেশনগুলিতে রুটি রুজির ব্যবস্থা হবে বহু মানুষের। শোনা যাচ্ছে, প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য স্টেশনে এই ধরনের স্টল বসানোর অনুমতি দেবে রেল। সেক্ষেত্রে প্রত্যেক স্টল মালিককে রেলের দেওয়া সমস্ত শর্ত মেনে চলতে হবে। একই সাথে যাত্রীদের সরবরাহ করা খাবারের গুণমানের দিকে নজর রাখতে হবে তাঁদের। সূত্রের খবর, প্রথম ধাপে কলকাতা এবং শিয়ালদহ স্টেশনে বসবে রেলের এই স্টল। সেগুলিতে সারা পেলে পরবর্তীতে শিয়ালদহ ডিভিশনের অন্যান্য স্টেশনগুলিতেও একে একে বসবে বাকি স্টক।










