শুরু হল ভুয়ো কাস্ট সার্টিফিকেট যাচাই, বাতিল অন্তত ৪৫ হাজার

Published:

Caste certificate

সৌভিক মুখার্জী, কলকাতা: তৃণমূলের জমানায় হেনো কোনও জায়গা নেই যেখানে দুর্নীতি হয়নি। ত্রাণ দুর্নীতি থেকে শুরু করে চাকরি চুরি কিংবা কয়লা বা বালি চুরি, সবকিছুই চলেছে রমরমিয়ে। এর পাশাপাশি ভুয়ো জাতিগত শংসাপত্র (Caste Certificate) নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। তবে নতুন সরকার এবার সেই কাস্ট সার্টিফিকেট যাচাই প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম পর্যায়ে মোট ১ লক্ষ ২২ হাজার ১১৭টি শংসাপত্র যাচাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তারমধ্যে বৈধ বলে নিশ্চিত করা হয়েছে ৭৬ হাজার ৭৫০টি।

রাজ্যে শুরু কাস্ট সার্টিফিকেট যাচাই প্রক্রিয়া

তৃণমূলের আমলে রাজ্যে এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট ইস্যুতে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে বলেই দাবি। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ, সেই সমস্ত সার্টিফিকেট পুনরায় যাচাই করা হবে, এবং তার মধ্যে অবৈধ বলে যেগুলিকে মনে করা হবে সেগুলি বাতিল করা হবে অবিলম্বে। বিশেষ করে দুয়ারে সরকার ক্যাম্প থেকে মাত্র এক সপ্তাহের ব্যবধানেই যে সমস্ত সার্টিফিকেটগুলি ইস্যু করা হয়েছিল সেগুলির সিংহভাগ ভুয়ো বলেই দাবি রাজ্য সরকারের। এমনকি রাজ্য সরকারের স্পষ্ট নির্দেশ, ভুয়ো কাস্ট সার্টিফিকেট যে নিয়েছেন এবং যে দিয়েছেন, প্রমাণিত হলে উভয়কেই গ্রেফতার করা হবে।

রাজ্য সরকারের দাবি, যে সমস্ত দুয়ারে সরকার ক্যাম্পগুলি বুথ এলাকায় বসানো হয়েছিল, সেখান থেকেই এই জাতিগত শংসাপত্র দুর্নীতির পরিসংখ্যান সবথেকে বেশি। এমনকি এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে যে সমস্ত কাস্ট সার্টিফিকেট তৈরি হয়েছিল, সেগুলি ভেরিফাই বা যাচাই না করেই বিলি করা হয়েছিল। এমনকি সাধারণ নাগরিকদের এই কাস্ট সার্টিফিকেট পেতে অনেক সমস্যার মধ্যে দিয়েই যেতে হয়েছিল। সেই কারণেই রাজ্য সরকারের তরফ থেকে এবার এই বাড়তি ভেরিফিকেশন।

আরও পড়ুন: এলিয়ট পার্ক থেকে সরল ‘দৃশ্যদূষণ’ টিনের বেড়া, মমতাকে খোঁচা দিয়ে বিশেষ বার্তা শুভেন্দুর

তৃণমূল আমলে স্থানীয় নেতা নেত্রীরা এই কাস্ট সার্টিফিকেট ইস্যু করতে কোনও নিয়ম মানেনি। আসলে নিয়ম অনুযায়ী নথিপত্র যাচাই হওয়ার সাথে সাথেই আবেদনকারীদেরকে সেই এলাকায় গিয়ে আধিকারিকদের সাথে শুনানিতে অংশগ্রহণ করতে হয়। কিন্তু তৃণমূল আমলে তা হয়নি। সেই কারণেই এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ভেরিফিকেশনের ব্যবস্থা চালু করেছেন। এমনকি অনুমান করা হচ্ছে, এরকম ভুয়ো সার্টিফিকেটের সংখ্যা আরও বাড়তে পারে।