বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে পালাবদল হতেই একে একে প্রতিশ্রুতি পালনের পাশাপাশি নতুন নতুন প্রকল্প চালু করছে ভারতীয় জনতা পার্টির সরকার (Government Of West Bengal)। সকলকে চমকে দিয়ে এবার তেমনই এক অভিনব প্রকল্প বাংলায় কার্যকর করার সিদ্ধান্ত নিল রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। যদিও এই প্রকল্প কেন্দ্রীয় সরকারের। হ্যাঁ, এবার বেসরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে চালু হতে চলেছে বিদ্যঞ্জলি প্রোগ্রাম (Vidyanjali Project)। জানা যাচ্ছে, স্কুলের উন্নয়নের স্বার্থে এই বিশেষ প্রোগ্রামে অংশ নিতে পারবে স্বেচ্ছাসেবক, কোনও সংস্থা এমনকি বেসরকারি প্রতিষ্ঠানও। এর জন্য অবশ্য নির্দিষ্ট পোর্টাল থেকে রেজিস্ট্রেশন করাতে হবে স্কুলগুলিকে।
স্কুল শিক্ষা দপ্তরের নয়া নির্দেশ
জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের বিশেষ প্রকল্প বা কর্মসূচির অধীনে শিক্ষা থেকে শুরু করে প্রশিক্ষণ, কেরিয়ার গাইডেন্স সহ বিভিন্ন পরিসেবামূলক কাজে যুক্ত থাকার সুযোগ পাবেন স্বেচ্ছাসেবকরা। এখানেই শেষ নয়, এই কর্মসূচিতে অংশ নিলে স্কুলের বেঞ্চ থেকে শুরু করে কম্পিউটার, খেলাধুলার সরঞ্জাম এমনকি ডিজিটাল সরঞ্জাম দেওয়া হবে। মূলত স্কুলগুলির উন্নয়নের স্বার্থে একাধিক পদক্ষেপের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান রক্ষণাবেক্ষণ এবং মেরামতির কাজেও সাহায্য করার সুযোগ পাবেন স্বেচ্ছাসেবী সংগঠন বা সংস্থা।
ইতিমধ্যেই রাজ্য শিক্ষা দপ্তরের তরফে স্পষ্ট নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে, বিদ্যাঞ্জলি পোর্টাল vidyanjali.education.gov.in এর মাধ্যমে স্কুলগুলিকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। পরবর্তীতে স্কুল কর্তৃপক্ষ প্রয়োজন মতো স্বেচ্ছাসেবক শর্টলিস্ট করতে পারবে। স্কুল শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে, প্রথমে অভিজ্ঞতা এবং যোগ্যতার ভিত্তিতে যাচাইয়ের পর চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। সেই মতোই, রাজ্যের সমস্ত জেলায় এই প্রকল্প কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে স্কুলগুলিকে। স্কুল শিক্ষা দপ্তর নির্দেশ দিয়েছে, স্কুল ব্যাগ পলিসি 2020 মেনে রাজ্যের সমস্ত স্কুলে এই কর্মসূচি কার্যকর করতে হবে।
সেই সাথে শিক্ষা দপ্তরের নির্দেশে সুপারিশ করা হয়েছে, যাতে স্কুলের পড়ুয়াদের ব্যাগের ওজন শরীরের ওজনের 10 শতাংশের বেশি না হয়। প্রি প্রাইমারির পড়ুয়াদের নো ব্যাগ নীতি অর্থাৎ ব্যাংক ছাড়া স্কুলে যাওয়ার পরামর্শ এবং আপার প্রাইমারি বা বড়দের ক্ষেত্রে ব্যাগের ওজন শরীরের মোট ওজনের 10 শতাংশের মধ্যে থাকতে হবে বলেই জানানো হয়। এছাড়াও প্রত্যেকটি স্কুলে বিশুদ্ধ পানীয় জল থেকে শুরু করে মিড ডে মিল সহ আনুষাঙ্গিক সমস্ত ধরনের ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের তরফে।
অবশ্যই পড়ুন: এক ধাক্কায় ৭.৫ গুণ বাড়ছে পেনশন? জানাল EPFO
প্রসঙ্গত, স্কুল শিক্ষা দপ্তরের তরফে জারি করা নির্দেশিকায়, স্কুলের উন্নয়ন এবং পড়ুয়াদের স্বার্থে একাধিক আকর্ষণীয় সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি বলা হয়েছে, পড়ুয়ারা যেন চাকাওয়ালা স্কুল ব্যাগ ব্যবহার না করেন। কেননা এই ধরনের ব্যাগে দুর্ঘটনার সম্ভাবনা থাকে। একই সাথে 2020 এর জাতীয় শিক্ষানীতি অনুযায়ী ব্যাগলেস ডে বা ব্যাগহীন দিবস পালনের নির্দেশ দেওয়া হয়েছে।










