বিক্রম ব্যানার্জী, কলকাতা: পেনশনভোগীদের দাবি মেনে নিয়েছে EPFO! পেনশন বাড়িয়ে করা হয়েছে 7,500 টাকা (EPFO On Pension Hike)! এমন খবরই সম্প্রতি ছড়িয়ে পড়েছিল নানান মহলে। সেখানে দাবি করা হচ্ছিল, কেন্দ্রীয় সরকার এবার থেকে ন্যূনতম EPS পেনশন বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে! পহেলা মে, 2026 অনুযায়ী এই নতুন হার কার্যকর হবে। এমন খবর পাঁচ কান হতেই আনন্দে আত্মহারা হয়ে পড়েছিলেন পেনশনভোগীরা। এবার সেই খবরের সত্যতা নিয়ে মুখ খুলল কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা বা EPFO।
পেনশন বাড়িয়ে 7,500 টাকা করা হয়েছে?
সদ্য, পেনশনভোগীদের ন্যূনতম পেনশন বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে যে খবর ছড়িয়ে পড়েছিল তা নিয়ে মুখ খুলেই এবার EPFO একেবারে স্পষ্ট করে জানিয়ে দিল, ভাইরাল হওয়া চিঠিতে যা যা দাবি করা হয়েছে সবটাই মিথ্যা এবং বিভ্রান্তিকর। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া খবরে দাবি করা হচ্ছে, পেনশন প্রাপকদের পেনশন 7.5 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। আদতে এমন কিছুই ঘটেনি। এই ধরনের খবর মানুষকে বিভ্রান্ত করার জন্যই।
নিজেদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে পোস্ট করে EPFO জানিয়েছে, EPS পেনশন বৃদ্ধি সংক্রান্ত চিঠিটি সম্পূর্ণ মিথ্যা। এই ধরনের তথ্যের জন্য সবসময় EPFO এর অফিসিয়াল ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে চোখ রাখার জন্য আবেদন জানানো হয়েছে জনসাধারণকে। একই সাথে ভবিষ্যতে যাতে সাধারণ মানুষ এই ধরনের বিভ্রান্তিকর খবর থেকে নিজেদের দূরে সরিয়ে রাখেন সেই পরামর্শও দেওয়া হয়েছে।
অবশ্যই পড়ুন: গিয়েছিলেন মোদি, সেই ঝালমুড়ির দোকানদারকে খুনের হুমকি বাংলাদেশ-পাকিস্তান থেকে
প্রসঙ্গত, বর্তমানে বেসরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীরা EPS 95 প্রকল্পের অধীনে প্রত্যেক মাসে ন্যূনতম 1000 টাকা পেনশন পেয়ে থাকেন। এই প্রকল্প মূলত তাঁদের জন্য যাঁরা চাকরিতে যোগ দেওয়ার পর মূল বেতন 15,000 টাকা পর্যন্ত পেয়ে থাকেন। যদিও বিগত বেশ কিছুদিন ধরেই জল্পনা বাড়ছে, পেনশন প্রাপকদের ন্যূনতম পেনশন 1000 টাকা থেকে বাড়ানো হতে পারে।










