এই ৩ নথি থাকলেই আবাস যোজনার সুবিধা, কবে আবেদনের শেষ দিন? জানুন

Published:

Awas Plus 2024

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে ক্ষমতা দখল করতেই প্রকল্প নিয়ে একের পর এক চমক নিয়ে এসেছে বিজেপি সরকার (Government Of West Bengal)। আর এবার যোগ্য পরিবারগুলিকে পাকা বাড়ির আওতায় আনতে আবাস প্লাস ২০২৪ (Awas Plus 2024) সমীক্ষার কাজ আরও দ্রুততার সঙ্গে করছে প্রশাসন। লক্ষ্য একটাই, প্রান্তিক ও যোগ্য গ্রামীণ পরিবারগুলি যাতে পাকা ছাদের আওতায় (Awas Plus Application) থাকতে পারে তা সুনিশ্চিত করা। ইতিমধ্যেই পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তরফে জানানো হয়েছে, প্রায় ৩৮ লক্ষ পরিবার এই সমীক্ষায় নথিভুক্ত হয়েছে। তবে সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে এখন থেকে ৩টি বিশেষ নথি থাকলেই আবেদন করা যাবে পাকা বাড়ির জন্য।

আবাস প্রকল্পে আবেদনের সময়সীমা

আবাস যোজনা রাজ্যের তরফে সমীক্ষা চলছে জোরকদমে। আর এই অবস্থায় কেন্দ্রীয় প্রকল্প থেকে যাতে কোনো যোগ্য গ্রাহক বাদ না পরে তার জন্য রাজ্যবাসীর উদ্দেশে বড় বার্তা দিচ্ছে প্রশাসন। জানানো হয়েছে, যেসব যোগ্য পরিবার এখনও আবাসের জন্য আবেদন করতে পারেননি, তাঁদের জন্য আগামী ৩১ আগস্ট, ২০২৬ পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। আবেদনের জন্য ডিজিটাল মাধ্যমের সাহায্য নেওয়া হচ্ছে। জানা গিয়েছে, গ্রাহককে নিজেদের স্মার্টফোনে দুটি নির্দিষ্ট অ্যাপ ইনস্টল করে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। একটি হল ‘Awaas Plus 2024’ এবং ‘AadhaarFaceRD’।

কোন কোন নথি প্রয়োজন?

প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। ‘পাকা বাড়ি, নিরাপদ পরিবার’, এই লক্ষ্যকে সামনে রেখেই যোগ্য পরিবারগুলিকে আবাসনের সুবিধা দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই ডিজিটাল আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে লাগবে মাত্র ৩ টি জরুরি নথি, সেগুলি হল- আধার কার্ড, জব কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ। যদিও আবেদন সম্পর্কিত যে কোনও সমস্যা বা অতিরিক্ত তথ্যের জন্য নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত কার্যালয় অথবা BDO কার্যালয়ে যোগাযোগের পরামর্শ দিয়েছে প্রশাসন।

আরও পড়ুন: ‘যোগ্য প্রত্যেক মহিলাই …’ অন্নপূর্ণা যোজনা নিয়ে ক্ষোভ বাড়তেই বড় ঘোষণা অগ্নিমিত্রা পালের

গ্রাহকদের সুবিধার্থে রাজ্য সরকার দুটি হেল্পলাইন নম্বর চালু করেছে। সেগুলি হল – ৮২৮২০৮২৮২০ এবং ১৮০০ ৮৮৯ ১৪৫১। এছাড়াও পুরো প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে রাজ্যের পঞ্চায়েত দফতরের নিজস্ব ওয়েবসাইট prd.wb.gov.in-এ নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে যেহেতু ৩১ আগস্টের পর সমীক্ষা ও আবেদন প্রক্রিয়ার পরবর্তী ধাপে যোগ্যতা যাচাই করে উপভোক্তাদের তালিকা চূড়ান্ত করার প্রক্রিয়া এগোবে তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করার জন্য সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।