প্রীতি পোদ্দার, কলকাতা: রাত পেরোলেই রাজ্য জুড়ে শুরু হতে চলেছে প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026)। ১৫২ টি কেন্দ্রে তাই কমিশনের নির্দেশে চলেছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিকে ভোটের কারণে সোমবার থেকে হঠাৎ রাজ্য জুড়ে বন্ধ করে দেওয়া হয়েছে মদের দোকান (Liquor Shop Closed Order)। রাজ্যের আবগারি দফতরের নির্দেশে সব জেলাতেই মদের দোকান বন্ধ থাকছে। কিন্তু এবার সেই নির্দেশ নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল (CEO Manoj Agarwal) বিস্ফোরক মন্তব্য করলেন। স্পষ্ট জানালেন নির্বাচন কমিশনের (Election Commission Of India) তরফে নাকি এমন কোনও নির্দেশই জারি করা হয়নি।
সোমবার থেকেই বন্ধ সকল মদের দোকান
বিভিন্ন জেলার আধিকারিকদের কাছে যে নির্দেশিকা গেছে, তাতে স্পষ্ট উল্লেখ রয়েছে, ২০ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত ৪ দিন মদের দোকান সম্পূর্ণ বন্ধ থাকবে। সাধারণ নির্বাচনী বিধি অনুযায়ী, নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে থেকে যেখানে যেখানে ভোট সেখানে সেখানে মদের দোকান বন্ধ রাখতে হয়। ২৩ এপ্রিল প্রথম দফায় ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ রয়েছে। সেই সব এলাকায় ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে মদের দোকান বন্ধ থাকার কথা। তবে দ্বিতীয় দফায় যেখানে যেখানে ভোট রয়েছে, যেমন কলকাতা বা উত্তর ২৪ পরগনা বা দক্ষিণ ২৪ পরগনা, সেখানকার মদের দোকানও সোমবার থেকেই বন্ধ করার নির্দেশ দিয়েছে আবগারি দফতর। কিন্তু এবার সেই নির্দেশ নিয়ে উঠছে প্রশ্ন। যা নিয়ে মুখ খুললেন মনোজ কুমার আগরওয়াল।
কী বলছেন মুখ্য নির্বাচনী আধিকারিক?
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানালেন, “কলকাতায় মদের দোকান বন্ধের খবর শুনে আমি অবাক হয়েছি। কেন কলকাতায় মদ বন্ধ করা হয়েছে জানতে চাইব আবগারি কমিশনারের কাছে। আমরা ইসিআই গাইডলাইনের বাইরে কিছু বলিনি। না আমাদের পরামর্শ নেওয়া হয়েছে, না অ্যাপ্রুভাল নেওয়া হয়েছে।” অর্থাৎ, বোঝাই যাচ্ছে যে কমিশনের নির্দেশ ছাড়াই গত সোমবার থেকে রাজ্য জুড়ে সমস্ত মদের দোকান বন্ধ করেছে রাজ্যের আবগারি দফতর। আর তাতেই ক্ষুব্ধ সুরাপ্রেমীরা। যদিও কলকাতা-সহ দ্বিতীয় দফায় ভোট হতে যাওয়া জেলাগুলিতে কেন এক সপ্তাহ আগেই মদের দোকান বন্ধের নির্দেশিকা জারি করা হল, তা নিয়ে কোনও ব্যাখ্যা দেয়নি রাজ্য সরকারের আবগারি দফতর।
আরও পড়ুন: হিন্দুত্ব কবিতা বিতর্কে জড়ালেন শ্রীজাত, জারি গ্রেফতারি পরোয়ানা
প্রসঙ্গত, ২০ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত চার দিন মদের দোকান সম্পূর্ণ বন্ধ থাকার পর ২৫ এপ্রিল সন্ধ্যা ৬টার পর থেকে ২৯ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে মদের দোকান। এবং ৪ মে, ভোটের ফলের দিনও মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এখন দেখার এই নিয়ম নিয়ে মনোজ আগরওয়াল কী পদক্ষেপ নেন। অন্যদিকে বাইক র্যালি এবং মোটরবাইক চলাচলে শর্ত আরোপ করেছে নির্বাচন কমিশন। জানানো হয়েছে ভোটের ২ দিন আগে থেকে কোনও মোটর বাইক র্যালির অনুমতি দেওয়া হবে না। সন্ধে ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত মোটর বাইক ব্যবহার করা যাবে না। যা নিয়ে ক্ষুব্ধ শাসকদল।










