সরকারি কর্মীদের স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড ফেরানোর নির্দেশ নবান্নর, বেঁধে দেওয়া হল সময়

Published:

Ayushman Bharat

প্রীতি পোদ্দার, কলকাতা: স্বাস্থ্য সাথী (Swasthya Sathi) বা আয়ুষ্মান কার্ড (Ayushman Bharat) নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার (Government Of West Bengal)। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, সরকারি কর্মী, অবসরপ্রাপ্ত পেনশনারদের নামে থাকা সমস্ত স্বাস্থ্যসাথী এবং আয়ুষ্মান কার্ড বাধ্যতামূলকভাবে ফেরত দিতে হবে। তবে শুধু কর্মীর নিজের কার্ড নয়, পরিবারের সদস্যদের নামে থাকা স্বাস্থ্য সাথী বা আয়ুষ্মান কার্ডও ফেরত দিতে হবে। আর এই খবর প্রকাশ্যে আসতেই মাথায় রীতিমতো হাত পড়ল সকলের।

বিশেষ নির্দেশ নবান্নের

সম্প্রতি সরকারি কর্মী, অবসরপ্রাপ্ত পেনশনারদের উদ্দেশে রাজ্যের অর্থ দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে স্পষ্ট জানানো হয়েছে যে, সরকারি কর্মী ও পেনশনভোগীদের যাঁরা ওয়েস্ট বেঙ্গল হেল্থ স্কিমের অধীনে রয়েছেন তাঁদের নিজের নামে বা পরিবারের সদস্যদের নামে যতগুলি স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান ভারত কার্ড রয়েছে, তাঁদের সেগুলি জমা করতে হবে। পাশাপাশি নির্দিষ্ট বয়ানে সমর্পণ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণাপত্র এবং কার্ড ফেরত দেওয়ার রসিদ বা প্রমাণপত্র জমা দিতে হবে।

Ayushman Bharat

কোথায় জমা দিতে হবে?

নবান্নের তরফে জানানো হয়েছে, কর্মরত কর্মচারীরা এই ফর্ম এবং রসিদ জমা দেবেন তাঁদের নিজ নিজ অফিস প্রধানের কাছে। অন্যদিকে, পেনশনভোগীদের এই নথি জমা দিতে হবে নির্দিষ্ট কার্যালয়ে, যেখানে তাঁরা WBHS-এর চিকিৎসা সংক্রান্ত রিইমবার্সমেন্ট বা ক্লেম জমা করে থাকেন। ইতিমধ্যেই সমস্ত অফিস প্রধান, ডিডিও এবং পেনশন মঞ্জুরকারী কর্তৃপক্ষকে এই ঘোষণাপত্রগুলি গ্রহণ করে রসিদ যাচাই এবং সার্বিক তথ্য বা ‘কমপ্লায়েন্স লগ’ সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। আর এই কাজ আগামী ৩১ অক্টোবরের মধ্যে করে ফেলতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: পূর্ব ভারতের রাজ্য তবু নাম ‘পশ্চিম’বঙ্গ, কীভাবে জুড়ল এই উপসর্গ? জানুন ইতিহাস

কার্ড ফেরত দেওয়ার ক্ষেত্রে নবান্নের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে, যে সকল কর্মরত কর্মচারী এই নিয়ম অমান্য করবেন তাদের পেশাগত ‘অনাচার’ বা শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য করা হবে এবং সংশ্লিষ্ট সার্ভিস রুলস অনুযায়ী তাঁদের বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় আইনি ও শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে। কার্ড জমা না করলে WBHS-এর সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবেন ওই কর্মী বা পেনশনভোগীরা।

google button