অনন্যা সরকার, হাওড়া: পূর্ব পরিকল্পনা মতোই মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) হাওড়ার একটি স্কুলে সারথি (SARATHI Scheme) প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রায় ৫০৮ কোটি টাকার এই প্রকল্পের অধীনে ১২.৫৯ লক্ষ পড়ুয়াকে সাইকেল দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। এদিন হাওড়ার সভা থেকে মুখ্যমন্ত্রী স্কুল শিক্ষা, ছাত্র-ছাত্রীদের কর্তব্য এবং আগামী দিনে শিক্ষাক্ষেত্রে সরকারের একাধিক পদক্ষেপ সম্পর্কে বক্তব্য রাখেন। মিড-ডে মিলের (Mid Day Meal) প্রসঙ্গও উঠে আসে মুখ্যমন্ত্রীর কথায়। তিনি বলেন ইসকনকে (ISKCON) মিড-ডে মিলের দায়িত্ব দেওয়ায় অনেকেই আপত্তি তুলেছিলেন কিন্তু আজ তাদের এই পদক্ষেপ সফল প্রমাণিত হয়েছে এমনকি মিড ডে মিল কর্মীদের জন্যও এদিন বেতন বাড়ানোর ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী।
বেড়েছে মিড ডে মিল কর্মীদের বেতন
হাওড়ার ব্যাঁটরা মধুসূদন পাল চৌধুরী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সারথি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, অনেকে অভিযোগ তুলেছিলেন ইসকনকে খাবারের দায়িত্ব দিলে ডিম আসবে কোথা থেকে, কারণ তারা সম্পূর্ণ নিরামিষ খাবার দেন। কিন্তু রাজ্য সরকার কলকাতাতে এই মিথ্যা প্রচার বন্ধ করে দিয়েছে। আলাদা করে সেলফ হেল্ফ গ্রুপের মাধ্যমে সপ্তাহে দুদিন সিদ্ধ ডিম বাচ্চাদের দেওয়ার ব্যবস্থা চালু রাখা হয়েছে।
এর পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, অনেকে এই দাবি করেছিলেন যে ইসকনকে মিড ডে মিলের দায়িত্ব দিলে এতদিন ধরে স্কুলগুলিতে মিড ডে মিল কর্মী হিসেবে কাজ করে আসা মহিলারা তাদের কাজ হারাবেন। কিন্ত তাদের চাকরি তো যাইনিই, বরং আগস্ট মাস থেকে রান্নার জন্য তারা ২,০০০ টাকার বদলে ৩,০০০ টাকা করে পাচ্ছেন।
আরও পড়ুন: স্মার্টফোনের বদলে এবার পড়ুয়াদের দেওয়া হতে পারে ট্যাব, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর
স্কুলের পোশাক নিয়েও এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রেখেছেন। তিনি বলেন, স্কুলের পোশাকের কী রং বা কী ব্র্যান্ড হবে, তা নির্ধারণ করবে স্কুল কর্তৃপক্ষই। সরকার শুধু স্কুলের পোশাকের গুণগত মান বৃদ্ধির জন্য কাজ করবে। এছাড়া তিনি অনুষ্ঠানে উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যও বক্তব্য রাখেন। তাদের পরামর্শ দেন, ভবিষ্যৎ প্রজন্মকে শুধু পুঁথিগত জ্ঞান আহরণ করলেই চলবে না, দেশপ্রেম, রাষ্ট্রবাদ জাতীয়তাবাদ ও ভারতীয় সংস্কৃতি জাগ্রত করার মাধ্যমে নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে।










