মনসা পুজো উপলক্ষ্যে আগামীকাল অর্ধদিবস ছুটি, বড় ঘোষণা রাজ্য সরকারের

Published:

Manasa puja

সৌভিক মুখার্জী, কলকাতা: আগামীকাল অর্থাৎ ১৮ আগস্ট পালিত হবে মনসা পুজো (Manasa Puja)। তবে এতদিন পর্যন্ত এই পুজো উপলক্ষ্যে রাজ্যের কোনও সরকারি স্কুল, কলেজ বা অফিস, আদালত বন্ধ থাকত না। কিন্তু রাজ্যে সরকারের বদল হতেই বদলে গেল ছুটির নিয়ম। মা মনসার পুজো উপলক্ষ্যে পশ্চিমবঙ্গের দুটি জেলায় অর্ধদিবস ছুটির ঘোষণা করা হয়েছে। জানা যাচ্ছে, আগামীকাল বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার সমস্ত সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান দুপুর দু’টো পর্যন্ত চলবে। এমনকি সমস্ত প্রতিষ্ঠানেই অর্ধদিবস ছুটির ঘোষণা। যদিও রাজ্যের অন্যান্য জেলাগুলিতে এই নিয়ম প্রযোজ্য হবে না।

মনসা পুজোয় ছুটির ঘোষণা নবান্নের

বাম জমানা বলুন কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন, মনসা পুজোয় ছুটি দেওয়ার নজির পশ্চিমবঙ্গের কোনও সরকারের ছিল না। তবে সেখানে ব্যাতিক্রমী পথে হাঁটল ডাবল ইঞ্জিন সরকার। আগামীকাল অর্থাৎ ১৮ আগস্ট, মঙ্গলবার দুপুর দু’টো থেকে বাঁকুড়া এবং পুরুলিয়ার সমস্ত সরকারি অফিস আদালত, স্কুল কলেজ এবং অন্যান্য দফতর বন্ধ থাকবে বলেই নবান্নের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে। এমনকি সরকারের নিয়ন্ত্রণাধীন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে স্থানীয় সংস্থা, বোর্ড বা কর্পোরেশনের কর্মচারীরাও এই ছুটির সুবিধা উপভোগ করতে পারবে।

তৃণমূল কংগ্রেসের শাসনে দুর্গাপুজোয় দেওয়া হত একটানা দীর্ঘদিন ছুটি। এমনকি যে সমস্ত জেলাগুলিতে আঞ্চলিক উৎসব হয়, সেই জেলাগুলোতেও ছুটির ঘোষণা করতেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে যেহেতু বাঁকুড়া এবং পুরুলিয়া এই দুই জেলায় মনসা পুজোর প্রচলন বেশি, তাই শুধুমাত্র এই দুটি জেলার ক্ষেত্রেই এই ছুটির ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার।

আরও পড়ুন: হবে না TMCP-র প্রতিষ্ঠা দিবসের সভা? অনুমতি চেয়ে হাইকোর্টে কালীঘাট তৃণমূল

এদিকে রাজ্যের বিজেপি সরকার ছুটির তালিকায় বেশ কিছু সংশোধনও করেছে। এতদিন পর্যন্ত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষ্যে কোনও ছুটি পেতেন না সরকারি কর্মচারীরা। তবে এবার সরকারের পালাবদল হতেই ৬ আগস্ট ছুটির ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে রাজ্যের সমস্ত সরকারি স্কুল-কলেজ, এবং সরকারি দফতর ছুটির তালিকায় সংযোজন হয়েছে। আবার অন্যদিকে কিছু ছুটি কমিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি দুর্গাপুজো উপলক্ষ্যে আবার অতিরিক্ত তিনদিন ছুটির ঘোষণা করা হয়েছে। সবমিলিয়ে ছুটির তালিকায় বেশ কিছু রদবদল করেছে রাজ্যের নতুন সরকার।