সহেলি মিত্র, কলকাতা: বাংলার শিক্ষক শিক্ষিকাদের জন্য রইল অত্যন্ত জরুরি খবর। RTE Act 2009 অনুযায়ী PTR মেনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের ট্রান্সফারের (Teacher Transfer) নির্দেশ দেওয়া হল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এই সংক্রান্ত একটি নির্দেশিকা অবধি জারি হয়েছে যেটি সম্পর্কে সকলের জানা উচিৎ। এই নির্দেশিকাটি জারি করেছে বিকাশ ভবন।
শিক্ষক বদলি নিয়ে বিশেষ নির্দেশিকা জারি
রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বণ্টনে ভারসাম্য আনতে বড় নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দফতর। কমিশনার অব স্কুল এডুকেশনের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, RTE Act, 2009 অনুযায়ী যেখানে ছাত্র-শিক্ষক অনুপাত (PTR) অনুযায়ী শিক্ষক বেশি রয়েছেন, সেখান থেকে শিক্ষক কম থাকা স্কুলে অবিলম্বে বদলির ব্যবস্থা করতে হবে।

এছাড়া, যে প্রাথমিক বিদ্যালয়গুলিতে বর্তমানে ছাত্রভর্তি শূন্য (Zero Enrolment), সেখানকার শিক্ষকদেরও শিক্ষক-সংকট থাকা স্কুলে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ, কলকাতা ও শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদকে দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দফতর।
আরও পড়ুনঃ শুরু হল অসমের ধুবড়ি থেকে কলকাতা এসি বাস, মিলবে ট্রেনের মতো সুবিধা! জানুন রুট
চালু উৎসশ্রী পোর্টাল
এদিকে প্রায় চার বছর স্থগিত থাকার পর রাজ্য সরকার বুধবার উৎসশ্রী পোর্টালটি পুনরায় চালু করেছে, যার ফলে শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা অনলাইনে বদলির জন্য আবেদন করতে পারবেন। এদিকে শিক্ষকদের দাবি অনুযায়ী, এই বদলি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দ্রুত ও কার্যকর করতে হবে। এই নিয়ে ১৪ দফা দাবি অবধি সরকারের কাছে পেশ করেছে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। এই মঞ্চ স্কুল শিক্ষা মন্ত্রী এবং স্কুল শিখা দফতরের কমিশনারের উদ্দেশ্যে ই-মেইল করে এবং সেখানে দাবিগুলি পেশ করা হয়। এমনটাই জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী। স্কুল শিক্ষা বিভাগের প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষা শাখা কর্তৃক ৩০ জুন জারি করা পৃথক বিজ্ঞপ্তিতে বিদ্যমান নিয়ম ও পদ্ধতি অনুসারে সকল শ্রেণীর বদলির আবেদনের অনলাইন প্রক্রিয়াকরণ পুনরায় চালু করা হয়েছে।










