সহেলি মিত্র, কলকাতা: দুর্গাপুজোর আগে এবার কপাল খুলল শিক্ষকদের। কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত প্রকল্পের অন্তর্গত ভোকেশনাল শিক্ষকদের পারিশ্রমিক মাসে ২০০০ টাকা (Vocational Trainers Salary Hike) বাড়ানো হয়েছে। এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সরকার। একইসঙ্গে আনুপাতিক হারে কেন্দ্রীয় সরকারও যাতে এই পারিশ্রমিক বাড়ায় সে ব্যাপারে পদক্ষেপ করা হয়েছে। সরকারের এহেন সিদ্ধান্তে বেজায় খুশি শিক্ষকরা। চলুন আরও বিশদে জেনে নিই।
বেতন বাড়ল শিক্ষকদের
পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) টেকনিক্যাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, Centrally Sponsored Scheme of Vocationalisation of School Education (CSS-VSE)-এর অধীনে কর্মরত ভোকেশনাল ট্রেনারদের মাসিক পারিশ্রমিক ২০,০০০ টাকা থেকে বাড়িয়ে ২২,০০০ টাকা করা হল।
আরও পড়ুন: মন্দারমণিতে বেড়াতে যাওয়ার আগে সাবধান, ২ কিমি এলাকা ‘রেড জোন’ ঘোষণা প্রশাসনের
কবে থেকে কার্যকর হবে?
জানা গিয়েছে, নতুন পারিশ্রমিক ১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২২,০০০ টাকার মধ্যেই নিয়োগকর্তা ও কর্মীর EPF, ESI-সহ প্রযোজ্য অন্যান্য বিধিবদ্ধ অবদান অন্তর্ভুক্ত থাকবে। এর অতিরিক্ত কোনও অর্থ দাবি করা যাবে না। অন্য সমস্ত নিয়োগের শর্ত অপরিবর্তিত থাকবে। অর্থ দফতরের সম্মতিতেই এই পারিশ্রমিক বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এই নিয়ে অনেকে অনেক রকম প্রতিক্রিয়া দিয়েছেন। একজন সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘ধন্যবাদ জানাই সরকারকে। বিগত ১০ থেকে ১২ বছর ধরে আমাদের Remuneration বৃদ্ধির উদ্যোগ নেওয়ার জন্য। ২০০০ টাকা বৃদ্ধি নিঃসন্দেহে ইতিবাচক পদক্ষেপ, তবে দীর্ঘ সময়ের ব্যবধানের কথা বিবেচনা করলে প্রত্যাশা আরও কিছুটা বেশি ছিল। কেন্দ্রের শেয়ারের অংশটিও যাতে দ্রুত কার্যকর হয়, সেই উদ্যোগের জন্যও আন্তরিক কৃতজ্ঞতা। পাশাপাশি, PF-এর উভয় অংশ কাটলে অনেকের ইন হ্যান্ড স্যালারি কমে যাবে, তাই এই বিষয়টিও বিবেচনা করার অনুরোধ রইল।’
আরও পড়ুন: ফল বা মিষ্টি নয়, এই মন্দিরে প্রসাদ হিসেবে দেওয়া হয় বিড়ি! কীভাবে যাবেন?
অপর একজন লিখেছেন, ‘১৩ বছরে অন্যান্য চুক্তিভিত্তিক অস্থায়ীদের বেতন বৃদ্ধি হয়েছে ১০০% এর বেশি। কিন্ত দুর্ভাগ্যবশত স্কুল এডুকেশনে আমরা সবচেয়ে দক্ষ ও উচ্চযোগ্যতাসম্পন্ন হওয়া সত্ত্বেও বেতন বৃদ্ধি হল ১৩ বছরে মাত্র ১০%। এটা সত্যিই খুব বেদনাদায়ক।CSS-VSE NSQF শিক্ষা ব্যবস্থায় ইতিমধ্যেই WB PAB এ আমাদের ২৫, ০০০ টাকার বেতন এর অনুমোদন আসা সত্ত্বেও কেন আমাদের ২২, ০০০ টাকা মাসিক বেতন করা হল ! তা সত্যিই বিস্ময়ের! এমনকি এই CSS-VSE তে PAB এ নামগোত্রহীন পোস্টে ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর নামক অফিস সহায়কদের বেতন ২০২৪ সালে মাত্র ৪.৫ বছর কাজ করার পরে ১০, ০০০ টাকা বাড়ানো হয়েছিল। তাঁরা সরাসরি বেতন পান। কিন্ত সেই সময়ে আমাদের ১ টাকাও বাড়ানো হয়নি। আমরা অথচ MHRD-এর গাইডলাইন অনুযায়ী স্কিল শিক্ষার মূল কারিগর। কেন এই বৈষম্য স্যার ? কেন আমরা কেন্দ্রের বরাদ্দকৃত অর্থ বেতনে পাবো না ? দয়া করে বিবেচনা করুন । এই স্যালারিতে
B.E./B.Tech., তিন বছরের ডিপ্লোমা, MBA ও M.Tech.-ধারীদের সংসার চালানো দুষ্কর। আর অবলম্বন এজেন্সীপ্রথার অবসান ঘটিয়ে স্থায়ীকরণ করুন ।’










