আনিষা চৌধুরী, কলকাতা: অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা পাওয়া নিয়ে একদিকে যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভের ছবি সামনে এসেছে, তখন অন্যদিকে টাকা হাতে পেয়ে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রতি কৃতজ্ঞতা জানাতে পথে নেমেছেন হাবড়ার (Habra) মহিলারা। মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাওয়ার পর ধন্যবাদ মিছিল করেছেন মহিলারা। কোথাও আবার জনপ্রতিনিধিদের কাছে গিয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন উপভোক্তারা।
টাকা হাতে পেয়ে কী বলছেন উপভোক্তারা?
অন্নপূর্ণার টাকা হাতে পেয়ে ভীষণ খুশি হাবরার উপভোক্তারা। একজন মহিলা বলেছেন, “মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ। এই টাকা দিয়ে আমরা আমাদের সন্তানের টিউশনের মাইনে দিচ্ছি, আবার কেউ গ্যাস আনছি, কেউ আবার অসুস্থ মানুষের চিকিৎসা করাচ্ছি। প্রধানমন্ত্রী যে নিজের কথা রেখেছেন সেটাতে আমরা ধন্য। আমরা অনেক উপকৃত হয়েছি। তাই আমরা ওনাকে এবং প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানাচ্ছি। তবে এটাই চাইব যে উনি যেন বাংলার বেকার যুবক-যুবতীদের কাজের সুযোগ করে দেন।”
অন্নপূর্ণা যোজনায় যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মিশ্র ছবি সামনে এসেছে। গঙ্গাসাগরে টাকা ঢোকার পর মহিলারা আনন্দ প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। একইভাবে হুগলির খানাকুল ও পুরশুড়াতেও ৩ হাজার টাকা পাওয়ার আনন্দে মহিলাদের ধন্যবাদজ্ঞাপন মিছিলের খবর প্রকাশ্যে আসে।
কলকাতার বেহালাতেও অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা অ্যাকাউন্টে ঢোকার পর উপভোক্তা মহিলারা স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল খাঁর অফিসে গিয়ে তাঁকে ধন্যবাদ জানান। তবে এর বিপরীত ছবিও রয়েছে। অন্নপূর্ণার টাকা না-পাওয়ার অভিযোগে উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গায় মহিলাদের বিক্ষোভের খবর প্রকাশিত হয়েছে। তাঁদের অভিযোগ ছিল, একাধিকবার যাচাই ও প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরও অ্যাকাউন্টে টাকা আসেনি।
আরও পড়ুন: পুজোয় একই টাইমে চলবে মেট্রো ও লোকাল ট্রেন, ভিড় সামলাতে বিরাট উদ্যোগ পূর্ব রেলের
ফলে অন্নপূর্ণা যোজনাকে ঘিরে এখন একই সঙ্গে দু’ধরনের ছবি সামনে আসছে। একদিকে টাকা পেয়ে খুশি উপভোক্তাদের ধন্যবাদজ্ঞাপন, অন্যদিকে এখনও টাকা না-পাওয়া মহিলাদের ক্ষোভ ও বিক্ষোভ। যোগ্য প্রত্যেক উপভোক্তা যাতে আর্থিক সহায়তা পান, সেই দাবিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।










