দুর্গাপুরে অন্নপূর্ণার টাকা না পেয়ে বিক্ষোভ মহিলাদের, মেজাজ হারালেন বিজেপি বিধায়ক

Published:

Annapurna Yojana

প্রীতি পোদ্দার, কলকাতা: অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে দুর্গাপুরে (Durgapur) সেবা সেতু ক্যাম্পে ব্যাপক ক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়ক। শেষে মহিলাদের একাধিক অভিযোগের মাঝেই মেজাজ হারালেন তিনি। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আজ ২ অক্টোবর শুক্রবার থেকে শুরু হয়েছে সেবা সেতু অভিযান (Seva Setu Abhiyan) শিবির। যা চলবে আগামী ৪ অক্টোবর, রবিবার পর্যন্ত। তিন দিনব্যাপী এই শিবিরে সরকারি বিভিন্ন প্রকল্পের জন্য আবেদনের সুযোগ রয়েছে। কিন্তু এবার সেই শিবিরে অন্নপূর্ণা যোজনা নিয়ে ব্যাপক বিক্ষোভ শুরু হল দুর্গাপুরে।

অন্নপূর্ণা যোজনা নিয়ে বিক্ষোভ দুর্গাপুরে

সূত্রের খবর, দুর্গাপুরে সেবা সেতু অভিযান শিবির চালু হতেই সেখানকার পশ্চিম কেন্দ্রের বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুইকে সামনে পেয়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে একের পর এক মহিলা বিক্ষোভ দেখাতে শুরু করেন। আবেদনপত্রের জেরক্স এবং বর্তমান স্ট্যাটাসের প্রিন্ট আউট নিয়ে রীতিমতো বিধায়কের সামনে শোরগোল শুরু করে। শুধু তাই নয় এই বিক্ষোভ বিতর্ক চলাকালীন অনেকেই ক্যামেরায় ভিডিও করছিলেন। আর তাই দেখে মেজাজ হারিয়ে বসলেন বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুই। মিডিয়া এবং সাধারণ মানুষদের ক্যামেরা বন্ধ করার নিদান দিলেন তিনি।

মেজাজ হারালেন বিধায়ক

সরকারি পরিষেবা জনগণের কাছে পৌঁছে দিতে সরকারের তরফে সেবা সেতু শিবির চালু হয়েছে জেলায় জেলায়। প্রকল্পের সঠিক সুবিধা না পাওয়া নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন, যার মধ্যে অন্যতম ছিল অন্নপূর্ণা যোজনা। আর সেই একই চিত্র দেখা গিয়েছে শুক্রবার দুর্গাপুরের পশ্চিম বিধানসভা কেন্দ্রেও। বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুই ক্যাম্প পরিদর্শনে আসলে বিক্ষোভরত মহিলারা তাঁকে ঘিরে ধরে। কমবেশি সকলেরই অভিযোগ, যাদের দুই তলা তিন তলা বাড়ি, তারা প্রতিমাসে নির্দিষ্ট সময়ে অন্নপূর্ণা যোজনার ভাতা পাচ্ছেন কিন্তু বাকিরা কেন এই সুবিধা পাচ্ছে না। এরপরই বিধায়ক জানান, “আপনাদের সুবিধার্থেই এই ক্যাম্প খোলা হয়েছে। তাই হুড়োহুড়ি না করে চুপচাপ থাকুন, ক্যামেরা বন্ধ রাখুন, সরকার সবাইকে সাহায্য করবে।”

আরও পড়ুন: ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকবেন না মোদী, শেষমুহূর্তে বড় বদল! আসতে পারেন ইনি

শুধু দুর্গাপুরে নয় সেবা সেতু শিবির খুলতেই অন্নপূর্ণা যোজনা নিয়ে একাধিক জেলায় বিক্ষোভ শুরু হয়েছে। মালদহের রতুয়া-২ ব্লকের মহারাজনগর হাই মাদ্রাসায় উত্তেজনা চরম আকার নিয়েছে। সেখানকার সেবা সেতু শিবিরেই ভাঙচুর করেছেন বিক্ষোভকারী মহিলারা। তাঁদের প্রশ্ন, শিবিরে কেন অন্নপূর্ণার কাজ হচ্ছে না? যদিও পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানকার জেলা পুলিশ সুপার অনুপম সিংহ বলেন, ‘‘বিক্ষোভ হয়েছে বেশ কয়েকটি এলাকায়। তবে কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি। পুলিশ আধিকারিকেরা বিক্ষোভকারীদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছেন।’’

google button