আনিষা চৌধুরী, কলকাতা: অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা না পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে জলপাইগুড়িতে (Jalpaiguri) ক্ষোভে ফেটে পড়লেন একদল মহিলা। তাঁদের অভিযোগ, নিয়ম মেনে আবেদন করার পরও এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢোকেনি। সমস্যা সমাধানের আশায় এদিন বিডিও অফিসে এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও কোনও সমাধান মেলেনি। ফলস্বরূপ আবেদনকারীদের মধ্যে ক্ষোভ আরও বাড়ে। উত্তরবঙ্গের একাধিক জায়গাতেও অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে বিক্ষোভের খবর সামনে এসেছে।
কী বলছেন বিক্ষুব্ধ মহিলারা?
বিক্ষোভে এসে এক মহিলা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা কুকুর নাকি? বারবার আসবো, বারবার যাব? বিজেপিকে তো ভোট দিয়েছি আমরা।” আরেক মহিলার অভিযোগ, ভোটের আগে মাসে ৩ হাজার টাকা দেওয়ার কথা বলা হলেও বাস্তবে সেই প্রতিশ্রুতির টাকা তাঁরা কিন্তু পাচ্ছেন না। তাঁর কথায়, “ভোট দেওয়ার আগে বলেছে সবাইকে ৩ হাজার টাকা দেবে। আর এখন ১ হাজার টাকাও পেলাম না।” তাঁদের বক্তব্য, নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই এই সমস্যা তৈরি হয়েছে। এক বিক্ষোভকারী বলেন, “যবে থেকে নতুন সরকার এসেছে, তবে থেকে আর টাকা পাচ্ছি না।”
অন্যদিকে, অন্নপূর্ণা যোজনার সঙ্গে আগের লক্ষ্মীর ভাণ্ডারের তুলনাও টানছেন বিক্ষোভকারীরা। এক মহিলার কথায়, “লক্ষ্মী ভাণ্ডারে কিন্তু এরকম ঝামেলা হয়নি। আমরা সবাই টাকা পেয়েছি। এখন কেন ঝামেলা হবে? সরকার তো আমাদের ট্যাক্সের টাকাই আমাদেরকে দিচ্ছে।” তাঁদের অভিযোগ, যাঁদের আর্থিক প্রয়োজন তুলনামূলকভাবে কম, তাঁদের অ্যাকাউন্টে টাকা পৌঁছলেও দিনমজুর বা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালানো মহিলারা টাকা থেকে বঞ্চিত হচ্ছেন। এক বিক্ষোভকারীর দাবি, “যাদের টাকার দরকার নেই গাড়ি-বাড়ির সবকিছু আছে তাদেরই টাকা ঢুকছে। কিন্তু আমরা লোকের বাড়িতে কাজ করে খাই দিনমজুর মানুষ আর আমাদেরই টাকা ঢুকছে না।”
শুধু টাকা না পাওয়ার অভিযোগই নয়, বিডিও অফিসে আসতে গিয়ে অতিরিক্ত খরচের কথাও তুলে ধরেছেন এক মহিলা। তাঁর বক্তব্য, “আমাদের পয়সা করি কিছু নেই। ১০০ টাকা ভাড়া দিয়ে আজ বিডিও অফিসে এসেছি। এই ১০০ টাকা থাকলে আজকে আমাদের সংসার চলত। কিন্তু সেটাও আমি খরচা করে দিয়েছি এখানে আসার জন্য। এসেও কোনও লাভ হলো না।” ফলে অন্নপূর্ণার টাকা না পাওয়ার দাবিতে এদিনের বিক্ষোভে শুধু ক্ষোভ নয়, আর্থিক সমস্যার কথাও উঠে আসে। সরকারি পরিষেবার জন্য আবেদন করার পরও কেন তাঁদের টাকা মেলেনি, দ্রুত তার সমাধান চান বিক্ষোভকারীরা।
আরও পড়ুন: বাড়িতে অগ্নিদগ্ধ বায়রন বিশ্বাস, আশঙ্কাজনক অবস্থা সাগরদিঘির বিধায়কের
অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে তৈরি হওয়া এই সমস্যার দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন বিক্ষোভকারী মহিলারা। তাঁদের বক্তব্য, বারবার সরকারি দফতরে এসে আবেদন-নিবেদন করেও যদি সমস্যার সমাধান না হয়, তাহলে তাঁদের মতো আর্থিকভাবে দুর্বল পরিবারের মানুষেরাই সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন। তাই কেন টাকা আটকে রয়েছে এবং কবে থেকে তাঁরা নিয়মিত প্রকল্পের সুবিধা পাবেন, প্রশাসনের তরফে স্পষ্ট উত্তর চান তাঁরা।










