৪ বছর পর উৎসশ্রী পোর্টাল খুললেও হচ্ছে না কাজ, থমকে শিক্ষক ট্রান্সফার প্রক্রিয়া

Published:

Utsashree Portal

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্য সরকারের তরফ থেকে শিক্ষক এবং শিক্ষা কর্মীদের বদলি প্রক্রিয়া জন্য উৎসশ্রী পোর্টাল (Utsashree Portal) পুনরায় চালু করা হয়েছে। কিন্তু সেই পোর্টাল খুললেই বর্তমানে দেখাচ্ছে ‘আন্ডার মেনটেন্যান্স’। একাধিক শিক্ষা কর্মীরা এমনই অভিযোগ তুলছেন। শিক্ষা দফতর গত ১ জুলাই এই পোর্টাল খোলার জন্য আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছিল। কিন্তু তারপর থেকেই সমস্যায় পড়তে হচ্ছে শিক্ষকদের। যে কারণে বদলি প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। তাদের একটাই অভিযোগ, চার বছর পর পোর্টাল খুললেও কোনও কাজ হচ্ছে না।

উৎসশ্রী পোর্টাল নিয়ে ফের বিলম্ব

প্রসঙ্গত, তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে অর্থাৎ ২০২১ সালে ২৬ আগস্ট এই পোর্টাল চালু করা হয়েছিল। কিন্তু তার পরের বছর সেপ্টেম্বর মাসে তা বন্ধ করে দেওয়া হয়। তবে রাজ্যে সরকার পরিবর্তন হতেই ফের শিক্ষকদের বদলির জন্য উৎসশ্রী পোর্টাল চালু করা হয়েছে। প্রায় চার বছরের অবসান ঘটিয়ে তা শিক্ষকদের অনলাইনে বদলির জন্য আবেদন করার পথ খুলেছে এবার। তবে শিক্ষকদের একটাই দাবি, চার বছর পর পোর্টাল চালু হলেও তারা আবেদন করতে পারছে না। পোর্টালটিকে আপডেট করা হয়নি।

এ বিষয়ে এক শিক্ষক জানেন, তিনি সাধারণ বদলির জন্য আবেদন করে দেখছিলেন, যে জেলায় তিনি বদলি হতে চান সেখানকার তিনটি স্কুলে তার বিষয়ে কোনও শিক্ষক নেই। অথচ সেই স্কুলগুলির খোঁজ নিয়ে জানতে পারেন যে সেখানে তিন বছরের মধ্যে শিক্ষক চলে এসেছেন। অর্থাৎ, বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে পোর্টালে তথ্য আপডেট করা হয়নি। যে কারণে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। পাশাপাশি আরও একজন জানান, পোর্টালটি এখনও পর্যন্ত ‘আন্ডার মেনটেন্যান্স’ দেখাচ্ছে। যার কারণে নতুন করে আবেদন করা যাচ্ছে না।

আরও পড়ুন: ৬০টি ঐতিহ্যশালী রথযাত্রা কমিটি পাচ্ছে ৫ লাখ করে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

এক শিক্ষকের অভিযোগ অনুযায়ী, প্রথম দুই-তিনদিন উৎসশ্রী পোর্টাল খোলা যাচ্ছিল। যদিও কাজ হচ্ছিল না। কিন্তু তারপর থেকেই সেই পোর্টাল বন্ধ। আর খোলাই যাচ্ছে না। খুলতে গেলেই দেখাচ্ছে ‘আন্ডার মেনটেন্যান্স’। মুখ্যমন্ত্রী বলেছিলেন, শিক্ষকদের নিজের জেলায় শিক্ষকতা করার বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু যাদের কর্মস্থল বাড়ি থেকে অনেক দূরে তারা এই পোর্টালের মাধ্যমে এখন বদলির জন্য আবেদন করতে পারছে না। এ বিষয়ে রাজ্য সরকারের অবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত।